দেশকে সংঘাতে ঠেলে দেবেন না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। বিবৃতিতে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, নিপীড়িত জনগণের বিজয় অনিবার্য এবং অতি নিকটবর্তী। সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানাতে এবং নিজেদের অধিকার আদায় করতে বিজয়ের এই মাসে দেশবাসী সোচ্চার হোন। খালেদা জিয়া বলেন, ‘আমার সঙ্গে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রবার্ট ব্লেকের পূর্বনির্ধারিত বৈঠকে যোগদানের উদ্দেশে দলীয় কার্যালয় থেকে রওনা দেওয়ার প্রাক্কালে মির্জা ফখরুলকে আটক করা হয়েছে। আমি এ ধরনের ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তির দাবি করেন বিএনপির চেয়ারপারসন।চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা বিবৃতিতে বলা হয়, দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ সরকার নগ্ন ফ্যাসিবাদী চেহারায় আবির্ভূত হয়েছে। গণবিচ্ছিন্ন এই সরকার খুন, গুম, হামলা, জুলুম, নির্যাতন, চক্রান্ত, গ্রেপ্তার ও মিথ্যাচারের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন, ভিন্নমত দমন এবং দেশবাসীকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিরোধীদলীয় নেতা বলেন, দেশের সচেতন ও বিবেকবান সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সরকারের চরম ব্যর্থতা, অপশাসন এবং সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থেকে একটি কারচুপির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দিয়েছে।