দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল আলোচনায় না এসে উল্টো জামায়াত-শিবিরকে উসকে দিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘তাদের যে কথাবার্তা, যে কর্মকাণ্ড, তাতে প্রমাণ করে যে তারা উসকানিমূলক বক্তব্য ও কর্মসূচি দিয়ে দেশকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।’গতকাল রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সংলাপ নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, সংলাপ নাকচ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন খালেদা জিয়া।মানবতাবিরোধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবির খালেদা জিয়ার উসকানিতে তাণ্ডব চালিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সুষ্ঠু রাজনীতি ও শান্তির জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা বারবারই চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেশবাসীও চাইছে বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করুক। দেশের প্রধান বিরোধী দল হিসেবে তারা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আমার বিশ্বাস, এতে দেশের অনেক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে।’ বাসস।