দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে: মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তরুণদের দেশপ্রেমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে শহীদ ফারুক ইকবালদের মতো গর্বে ফোলানো বুক বুলেটবিদ্ধ হয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মৌচাকে স্বাধীনতার শহীদ ফারুক ইকবালের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাশেদ খান মেনন। পরে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসানে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ফারুক ইকবালরা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় এ মহান বীরের নামে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।
১৯৭১-এর অগ্নিঝরা মার্চের আজকের দিনে স্বাধীনতার দাবিতে সোচ্চার জনতার বিক্ষোভ মিছিলে পাকিস্তানি হানাদারেরা গুলি চালালে ফারুক ইকবাল শহীদ হন।