দেশকে সুরক্ষিত রাখার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে করে l প্রথম আলো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে করে l প্রথম আলো

দেশকে সদা জাগ্রত সৈনিকের মতো সুরক্ষিত রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতাদের এবং গণহত্যার শিকার লাখো মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি। গতকাল ছিল সরকারি ছুটির দিন।
সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, মোনাজাত ও বিশেষ প্রার্থনা, উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সকালে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর খুলনা জিলা স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। পরে সেখানে বিভিন্ন বাহিনী, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা সাড়ে তিনটায় নগরের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারীদের ক্রীড়ানুষ্ঠান এবং চারটায় খুলনা জিলা স্কুলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফরিদপুর: সকালে শহরের গোয়ালচামট এলাকায় শহীদদের নাম-সংবলিত বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে সাতটায় প্রথমে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ। পরে শোভাযাত্রা বের করা হয়। গণকবর জিয়ারত শেষে সকাল সাড়ে আটটায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় স্থানীয় কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
গোপালগঞ্জ: বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্বাধীনতার প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। গতকাল বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে আটটায় শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
নড়াইল: শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে, জজকোর্ট-সংলগ্ন বধ্যভূমি, পানি উন্নয়ন বোর্ডের গণকবর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল নয়টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ ও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এ সময় শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে শৌখিন ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা: সকাল আটটায় স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
কুষ্টিয়া: কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। পরে মজমপুর গেটে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জেলার বধ্যভূমিগুলোতে ফুল দেওয়া হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়: শুক্রবার রাতে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে কোরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য আবদুল হাকিম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহ-উপাচার্য শাহিনুর রহমান। সকাল সোয়া নয়টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিশ্ববিদ্যালয়ের আমতলায় ‘ইতিহাস ও সংস্কৃতিতে আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর: সকালে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পিরোজপুর: সকালে পিরোজপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে পিরোজপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
মাগুরা: সকালে শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সরকারি বালক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত ঞয়। সন্ধ্যায় আছাদুজ্জামান মিলনায়নে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।