বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। দেশকে স্বাভাবিক রাখতে যা যা করা দরকার সরকার আগামীতে তা-ই করবে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার করছি, তাঁর আদর্শই হবে আমাদের পাথেয়।’
গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আজ তারা বুঝতে পেরেছে, রাজপথে হানাহানি করে তাদের লক্ষ্য পূরণ হবে না। সে কারণে তারা তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে তারা দেশকে স্বাভাবিক করার জন্য সরকারকে সহযোগিতা করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন ইশতেহারের মাধ্যমে যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা সেই অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করব।’