দেশজ প্রেরণাজাত সমাজতন্ত্র গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ শুধু দেশের স্বাধীনতার জন্য হয়নি, একটি সাম্যবাদী সমাজতান্ত্রিক দেশ গঠনের জন্যও হয়েছিল। আমরা পথভ্রষ্ট হয়ে এ আদর্শ থেকে অনেক অনেক দূরে চলে এসেছি।’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিদেশি ছাঁচে সমাজতন্ত্র গড়ে না তুলে দেশজ প্রেরণাজাত সমাজতন্ত্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতায় আনিসুর রহমান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শহীদের স্মরণে এ বক্তৃতার আয়োজন করে। ইতিহাস বিভাগের সভাপতি আহমেদ কামালের সভাপতিত্বে ‘বাংলাদেশে বাম শক্তির ব্যর্থতা এবং করণীয়’ শীর্ষক ওই স্মারক বক্তৃতা হয়। আনিসুর রহমান বলেন, প্রগতিশীল শক্তিগুলোর দায়িত্ব হচ্ছে, সমাজ যেখানে আছে সেখান থেকে শোষিত শ্রেণীর স্বার্থে সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাওয়া। তবে সেই কাজ সমাজ পরিবর্তনের কোনো তত্ত্ব আওড়ে বা দাবিদাওয়া নিয়ে মিছিল-সমাবেশে নেতৃত্ব দিয়ে নয়, শোষিতদের বাস্তব জীবনে প্রবেশ করে করতে হবে।বক্তৃতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম সদস্য আনিসুর রহমান দেশের বাম শক্তির সমালোচনা করেন। বাম মহলের জন্য মনের দরজা-জানালা খুলে দেওয়া, বাস্তব জীবনের সঙ্গে নিবিড়ভাবে সঙ্গদান, গণগবেষণা, যৌথ কর্মকাণ্ড বিস্তারের জন্য কাজ করা এবং গণশিক্ষা আন্দোলনে নেমে যাওয়া—এই পাঁচটি করণীয় চিহ্নিত করেন তিনি। আনিসুর রহমান বলেন, মানুষকে দরিদ্র বা বঞ্চিত আখ্যায়িত না করে সামাজিকভাবে বিশেষ চ্যালেঞ্জপ্রাপ্ত বলতে হবে। এই বিশেষ চ্যালেঞ্জপ্রাপ্ত মানুষকে আলাদাভাবে যৌথ উদ্যোগ নিতে হবে।আনিসুর রহমান বলেন, গণশিক্ষাই যেকোনো দেশের উন্নয়নের ভিত্তি। কিন্তু দেশের অর্ধেকেরও বেশি লোক লিখতে ও পড়তে পারে না। এ ছাড়া দেশে সমাজ পরিবর্তনের সুযোগ এলে কৃষক-শ্রমিক শ্রেণীর নাম করে যাতে বুদ্ধিজীবী-আমলা শ্রেণী ক্ষমতায় না আসতে পারে, সে জন্যও গণশিক্ষার প্রয়োজন প্রশ্নাতীত। গণশিক্ষা আন্দোলনে প্রাতিষ্ঠানিক কোনো বাম পার্টি বা বাম বুদ্ধিজীবীরা এগিয়ে আসেননি বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, নাকি বাম শক্তিগুলো সমাজ-বিপ্লবটা হোক, তারপর দেখা যাবে বলে বসে আছে।স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও বিভিন্ন উপাদান হারিয়েছি। বঙ্গবন্ধুকে হারিয়েছি। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে নতুনভাবে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।’ সাধারণ মানুষের কাছে না গিয়ে শুধু বুদ্ধিবৃত্তিক অর্জন দিয়ে সাধারণ মানুষের মুক্তি কতটুকু সম্ভব, তাও তলিয়ে দেখার আহ্বান জানান তিনি।