দেশজুড়ে অবরোধে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের দ্বিতীয় দিনে নাশকতা এড়াতে গতকাল চট্টগ্রামের সাগরিকা এলাকায় ছিল বিজিবির কঠোর নিরাপত্তাব্যবস্থা ষ ছবি: প্রথম আলো
অবরোধের দ্বিতীয় দিনে নাশকতা এড়াতে গতকাল চট্টগ্রামের সাগরিকা এলাকায় ছিল বিজিবির কঠোর নিরাপত্তাব্যবস্থা ষ ছবি: প্রথম আলো

১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। গতকালও যানবাহনে আগুন দেওয়া, ভাঙচুর ও যত্রতত্র ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজশাহী ও চাঁদপুরে অবরোধকারীরা রেললাইন উপড়ে ফেলেন।
গতকালের সহিংসতায় কোথাও কেউ নিহত না হলেও চট্টগ্রামের সাতকানিয়া থেকে অবরোধের ঘটনায় গত শনিবার নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অনুরূপ ঘটনায় শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুই স্থানে গাড়িচাপায় দুজন মারা যান। এ নিয়ে গত দুই দিনের অবরোধে সাতজনের মৃত্যু হলো। এর আগে ৭১ ঘণ্টার অবরোধে বিভিন্নভাবে প্রাণ হারান ২২ জন।
গতকাল সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর নয়াবাজারে হাতবোমা ফাটিয়ে চালককে থামিয়ে অবরোধকারীরা একটি বাসে আগুন দেন। বাসের চালক বাবলু (২২) জানান, একদল যুবক গাড়ির সামনে আট-দশটি হাতবোমা ফাটান। এতে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। এরপর কয়েকজন এসে তাঁকে মারধর করে বাসে আগুন দেন। বাসে থাকা সাত-আটজন যাত্রী এ সময় জানালা দিয়ে নেমে যান।
এ ছাড়া ধানমন্ডিতেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল ঢাকায় মোট সাতটি বাসে আগুন দেওয়া হয়।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন সড়ক ও প্রশাসনিক ভবনের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে হাসপাতাল ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বরের কাঁচাবাজার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন অবরোধ-সমর্থকেরা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে যুবদলের কয়েকজন আহত হন। তেজগাঁওয়ে অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সকাল নয়টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে ছাত্রশিবিরের কর্মীরা ককটেল ফাটান। সকালে খিলক্ষেত থানা এলাকার পিংক সিটির ভেতর থেকে সড়কে কয়েকটি ককটেল ছোড়া হয়।

চট্টগ্রামে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচির সময় পুলিশের সঙ্গে হরতাল ও অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে। নগরের বিভিন্ন স্থানে ৫০টির বেশি হাতবোমার বিস্ফোরণ ঘটান অবরোধকারীরা।

 শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার নয়াখাল এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িটির ধাক্কায় নিমাই নাথ নামের এক পথচারীর মৃত্যু হয়েছিল। গতকাল ভোরে পুলিশ পিকআপ ভ্যানটি উদ্ধার করতে গেলে এর নিচে চাপা পড়ে থাকা আরেকজনের লাশ পাওয়া যায়। তাঁর নাম মো. মফিজুর রহমান (২৮)।

সিরাজগঞ্জে ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্স ও ভটভটি ভাঙচুর করেন অবরোধকারীরা।

নোয়াখালীতে অবরোধকারীরা সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কার্যালয় ও অফিস সহকারীর কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। সোনাইমুড়ীর জয়াগ বাজারে তিনটি মোটরসাইকেলে আগুন দেন তাঁরা। এ ঘটনার পর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ভোর থেকে অবরোধ করে রাখেন অবরোধকারীরা। শহরের স্টেডিয়াম রোডে সকাল সাতটার দিকে তাঁরা একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সকালে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এতে সাতজন আহত হন। রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়।

গাজীপুরের কালিয়াকৈরের সাহেববাজার বাইপাস রোডে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। অবরোধকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন।

পটুয়াখালীতে মাহফিল শেষে রাতে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে তাতে অবরোধকারীরা আগুন দেন। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুস ছত্তার ও আতাউর রহমান দগ্ধ হন। মাওলানা ছত্তারকে পটুয়াখালী সদর ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লায় রেললাইন উপড়ে ফেলায় রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সকালে চট্টগ্রামের ইস্পাহানি রেলগেট এলাকায় লাইনের দুই পাশে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। ফলে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পাহাড়তলী রেলস্টেশনে আটকা পড়ে। পরে পুলিশ প্রতিবন্ধকতা সরিয়ে দিলে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।

এর আগে শনিবার গভীর রাতে রাজশাহীতে রেললাইন উপড়ে ফেলা হয়। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চাঁদপুর-লাকসাম রেলপথের নাওড়া এলাকায় রেলসেতুর ফিশপ্লেট খুলে ফেলা হয়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ট্রেন মেঘনা এক্সপ্রেস।

[প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অফিস এবং নারায়ণগঞ্জ, চাঁদপুর ও গাজীপুর প্রতিনিধি]