দেশজুড়ে আবার এল ইন্টারনেট উৎসব
পৃথিবীকে জানার সবচেয়ে সহজ পথ ইন্টারনেট। হাতে থাকা ছোট্ট মুঠোফোনের মাধ্যমেই মানুষ পৃথিবীকে দেখতে পারে। কিন্তু ইন্টারনেট-জ্ঞানের অভাবে অনেকের কাছে এটা কঠিন মনে হয়। আর সেই কঠিন কাজটি সহজ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো।সারা দেশের বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব’। ‘এসো পৃথিবীর পাঠশালায়’ স্লোগান নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এবার ৬৪ জেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসব হবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। এই উৎসবে আঞ্চলিকভাবে ১২০ জন আই-জিনিয়াসকে বাছাই করা হবে। তাদের নিয়ে ঢাকায় জাতীয় ও চূড়ান্ত অনুষ্ঠান হবে। যেখান থেকে এ বছরের গ্র্যান্ডমাস্টার বাছাই করা হবে। প্রথম অনুষ্ঠান হবে ১৩ সেপ্টেম্বর রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে। গতকালের অনুষ্ঠানে বক্তব্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘ইন্টারনেট হলো সমাজ বদলের হাতিয়ার। আমরা একজন নয়, লাখ লাখ আই-জিনিয়াসের অপেক্ষায় আছি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন প্রকল্পের জাতীয় পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘আশা করি, নতুন আই-জিনিয়াসরা দেশের হাল ধরবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমাদের চোখের সামনে দুনিয়া বদলে যাচ্ছে। এর বড় কারণ হলো মুঠোফোন ও ইন্টারনেট।’ তিনি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ইন্টারনেট উৎসব করার প্রস্তাব করে বলেন, প্রথমে সার্কভুক্ত দেশ নিয়ে এবং পরে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের উৎসব করা যায় কি না, তা ভেবে দেখা যায়। একই সঙ্গে তিনি একটি দিনকে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস হিসেবে পালন করা যায় কি না, সরকারের মাধ্যমে সে প্রস্তাব আন্তর্জাতিক মহলে পৌঁছানোর আহ্বান জানান। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বনকে ইন্টারনেট উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে এর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নকিয়ার এদেশীয় ব্যবস্থাপক রাবি আহমেদ চৌধুরী, গ্রামীণফোনের কর্মকর্তা তাহমিদ আজিজুল হক, গতবারের আই-জিনিয়াস চৌধুরী সাদিদ আলম।এবারের উৎসবে সহযোগী হিসেবে আছে শিক্ষা মন্ত্রণালয় এবং একসেস টু ইনফরমেশন কর্মসূচি। এ ছাড়া সঙ্গে আছে: গুগল, অপেরা-মিনি, ফেসবুক, নকিয়া, উইকিপিডিয়া, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। দেশজুড়ে থাকা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এই উৎসব পরিচালনা করবেন।