আগামী ৯ অক্টোবর সারা দেশে শুরু হচ্ছে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের জন্য ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতা হবে পাঁচটি পর্যায়ে। এ জন্য বাজেট ধরা হয়েছে সোয়া দুই কোটি টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব আবু আলম মো. শহীদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলার সব শিক্ষার্থীর জন্য এই খেলা আয়োজন করা হয়েছে। ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। এরপর জেলা পর্যায়ে ২ থেকে ৭ নভেম্বর, বিভাগীয় পর্যায়ে ১০ থেকে ২০ ডিসেম্বর ও জাতীয় পর্যায়ে ২১ থেকে ২৭ ডিসেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রতিযোগিতার নাম হবে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’। প্রতিবছর নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।প্রতিযোগিতার জন্য প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক প্রতিটি দল গঠন করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষণ বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ খেলায় অংশ নেবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনো নিবন্ধন ফি দিতে হবে না।প্রাথমিক ও গণশিক্ষাসচিব জানান, খেলা সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার জন্য ইউনিয়ন ও পৌরসভা, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট কমিটি হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মূল কমিটির প্রধান থাকবেন। এ ছাড়া কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগের কমিশনারসহ মোট ২৪ জন সদস্য থাকবেন। এ কমিটি খেলা পরিচালনার নিয়মাবলি প্রণয়ন ও যাবতীয় দিকনির্দেশনা দেবে এবং প্রতিযোগিতার তারিখ ও সময় নির্ধারণ করবে।প্রাথমিক ও গণশিক্ষাসচিব বলেন, ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর ছাত্রীদের জন্য আগামী বছর থেকে আয়োজন করা হবে আন্তপ্রাথমিক বিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা।