দেশজুড়ে জমজমাট গণিত উৎসব

‘গণিত জয়ের স্বপ্ন দেখা’ প্রতিপাদ্য সামনে রেখে আজ শুক্রবার দেশের আটটি জেলায় শেষ হয়েছে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব।
শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি ও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচনের লক্ষ্য নিয়ে সকাল সাড়ে আটটা থেকে এ উৎসব শুরু হয়।
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের সবার চোখে গণিত জয়ের স্বপ্ন। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর বেলা সোয়া একটা পর্যন্ত চলে প্রশ্নোত্তর পর্ব।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
রংপুর অফিস: শীতকে জয় করে উৎসবমুখর পরিবেশে সকাল নয়টায় রংপুর জিলা স্কুল মাঠে গণিত উৎসবের আয়োজন করা হয়। এখানে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
রংপুর বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। একই সঙ্গে আন্তর্জাতিক গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় ও বাংলাদেশ গণিত উৎসবের পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও মিজানুর রহমান।
উদ্বোধন শেষে মোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ভালো শিক্ষার্থী হয়ে দেশ গঠনে তোমাদেরই ভূমিকা রাখতে হবে।’
ফরিদপুর: গণিত উৎসব উপলক্ষে ফরিদপুর জিলা স্কুল মাঠে সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারানী শিকদার। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রবীণ গণিত শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বে তাদের সুযোগ সৃষ্টি হবে।
ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারানী শিকদার বলেন, ‘আমরা যা কিছু ভালো, তার সঙ্গে থাকতে চাই। ভালোর সঙ্গে চলতে চাই। সার্থকতার সঙ্গে এই ভালোর সঙ্গে চলতে পারলে পথ হারাবে না বাংলাদেশ।’
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা এবং অনুষ্ঠানটি পরিচালনা করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সেলর তামিম শাহরিয়ার সুবিদ।
এ আঞ্চলিক উৎসবে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

ময়মনসিংহ: সকাল নয়টার দিকে ময়মনসিংহ জিলা স্কুলের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গণিত উৎসব। এ সময় জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ সুজন আলী, ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান। উদ্বোধনী বক্তৃতায় ফিরোজ আহমেদ বলেন, ‘এখানে অনেক স্বপ্ন নিয়ে খুদে গণিতবিদেরা উপস্থিত হয়েছে। তাদের নিয়ে আমাদের জাতিরও অনেক স্বপ্ন।’ তিনি আশা প্রকাশ করেন, ময়মনসিংহ অঞ্চলের প্রতিযোগিতা যেন আন্তর্জাতিকভাবে সুনাম বয়ে আনতে পারে। সকাল ১০টায় ময়মনসিংহ জিলা স্কুলের ২৩টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার ৫২টি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে ভাগ হয়ে অংশ নেয়।
যশোর: লাল-সবুজের একগুচ্ছ বেলুন ও ফেস্টুন উড়িয়ে যশোর জিলা স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্বে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ওড়ানো হয়।
উৎসবে যশোর ও নড়াইল জেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ খুদে গণিতবিদ অংশ নিয়েছে।
ঝিনাইদহ: সকাল থেকে কুয়াশা উপেক্ষা করে ঝিনাইদহ ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ে জড়ো হতে শুরু করে খুদে গণিতবিদেরা। সকাল সাড়ে আটটার মধ্যে বিদ্যালয়ের মূল প্যান্ডেল শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে।
সকাল সাড়ে নয়টার দিকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
উদ্বোধনী পর্বে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বলেন, মানুষের উন্নতির জন্য দুটো জিনিস দরকার। প্রথমত, ভাষায় দক্ষতা। দ্বিতীয়ত, গণিতে পারঙ্গমতা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, যদিও ঝিনাইদহ নতুন ভেন্যু, তবে সে হিসেবে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ। তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন ঝিনাইদহ বন্ধুসভার বন্ধুরা। সকাল ১০টা পাঁচ মিনিটে পরীক্ষা শুরু হয়।
রাঙামাটি: রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজে সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের জাবেদ মোর্শেদ ও জাতীয় অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ বৈশিলী রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার বিকল্প নেই। গণিত উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হচ্ছে। এ উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।
ফেনী: সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে গণিত উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফসিউল আলম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. সফিউল আজম ভূঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়বুল হক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, ‘আমি গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দেখে আনন্দিত, উদ্বেলিত ও গর্বিত হয়েছি। আমাদের লেখাপড়ার সময় এ ধরনের আয়োজন ছিল না। তোমরা এ দেশকে এগিয়ে নেবে। তোমাদের নিয়েই দেশ এগিয়ে যাবে। বিশ্বের বুকে বাংলাদেশকে তোমরা আরও ভালোভাবে তুলে ধরবে, দেশকে আলোকিত করবে।’
ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফসিউল আলম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তোমরা গণিতচর্চার মাধ্যমে নিজেদের আরও বিকশিত করবে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আজ আমরা বিশ্ব পরিসরে স্থান করে নিতে পেরেছি।’ তিনি বলেন, ‘যত দিন তোমাদের হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’
সকাল ১০টা থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চার ক্যাটাগরির আট শতাধিক খুদে গণিতবিদ অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল থেকেই ‘গণিত জয়ের স্বপ্ন দেখা’ শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ। এ উৎসবে যোগ দেয় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও নরসিংদী জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮৫০ জন শিক্ষার্থী। সকাল নয়টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব উদ্বোধন করেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা ও ডাচ-বাংলা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জহিরুল হক জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। শুভেচ্ছা বক্তব্যে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান। এরপর উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক ঘণ্টা ১৫ মিনিটের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।