দেশজুড়ে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে এখন সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কাজ। মন্দির ও মণ্ডপগুলোতে প্রতিমার গায়ে পড়ছে রঙের প্রলেপ।রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে গত শুক্রবার ঘুরে দেখা যায়, বেশির ভাগ জায়গায় প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তে শুরু হবে প্রতিমার সাজসজ্জার কাজ।মহানগর সর্বজনীন পূজা কমিটির সূত্র জানায়, এ বছর রাজধানীর ৪১টি থানার মধ্যে ৩১টি থানা এলাকায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপের সংখ্যা মোট ১৯৬টি। এর মধ্যে পুরান ঢাকায় ৮০টি পূজা অনুষ্ঠিত হবে। এবার নতুন ১০টি পূজামণ্ডপ বাড়লেও পুরোনো সাতটি মণ্ডপে পূজা হচ্ছে না। সারা দেশে ২৭ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবার।প্রতিবছর রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বৃহত্তম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, মহাখালী প্রভৃতি স্থানে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার আয়োজন করা হয়।গত শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে ও বারোয়ারি পূজামণ্ডপে পূজা উদ্যাপনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি মিলনকান্তি দত্ত প্রমুখ। সভা পরিচালনা করেন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক রমেন মণ্ডল। রাজধানীর বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।জানতে চাইলে বীরেশ চন্দ্র সাহা গতকাল প্রথম আলোকে বলেন, মহানগরের অন্যান্য পূজামণ্ডপের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য ঢাকেশ্বরী মন্দিরে একটি পর্যবেক্ষণকেন্দ্র খোলা হচ্ছে। এ বছর পূজার প্রস্তুতি নির্বিঘ্নে হচ্ছে—উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন দুর্গাপূজার সময় সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে।ঢাকেশ্বরী মন্দির সূত্র জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে মহালয়া বা দেবীর আবাহন। এ দিন দেবীকে স্বর্গ থেকে মর্ত্যে (পৃথিবী) আসার আহ্বান জানানো হবে বিশেষ পূজা এবং ধর্মীয় গ্রন্থ চণ্ডীপাঠের মাধ্যমে। ২ অক্টোবর সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। ৩, ৪ ও ৫ অক্টোবর সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হবে। ৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। এ বছর দেবী আসবেন গজের (হাতি) পিঠে চড়ে এবং ফিরবেন দোলায় (পালকি)।শাঁখারীবাজারে ভিড়: দুর্গাপূজার প্রস্তুতির পাশাপাশি পূজাকেন্দ্রিক আনুষঙ্গিক কেনাকাটা বেড়েছে। গত শুক্রবার রাজধানীর শাঁখারীবাজার এলাকায় গিয়ে দেখা যায়, পূজা উপলক্ষে সেখানে হিন্দু নর-নারীদের ভিড়। এই এলাকায় প্রতিমার জন্য আনুষঙ্গিক শাড়ি, অলংকার, অস্ত্র, মালা প্রভৃতি পাওয়া যায়। বিক্রেতারা বলেন, পূজা যত ঘনিয়ে আসছে বিক্রি তত বাড়ছে। তবে গত বছরের তুলনায় এ বছর সব জিনিসের দাম বেড়েছে।শাঁখারীবাজারের দোকানগুলোতে হিন্দু নারীদের বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গের বিক্রি বেড়েছে। নাগ ভান্ডারের বিক্রেতা জনি বলেন, পূজার সময় শাঁখা, পলা, সিঁদুর প্রভৃতি জিনিসের বিক্রি বেশি হয়। এ ছাড়া বছরের অন্য সময় পূজার জন্য কাঁসার তৈরি থালা, প্রদীপ, ধূপদানি, পূজার উপকরণ প্রভৃতির বিক্রি বেড়ে যায়।চলছে কেনাকাটা: দুর্গাপূজা উপলক্ষে পোশাক বিক্রি বেড়েছে দেশের ফ্যাশন হাউস ও বুটিক শপগুলোতে। আড়ং, কে ক্রাফট, রঙ প্রভৃতি ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইনের পোশাক এনেছে পূজায়। কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেন, পূজা উপলক্ষে পোশাক বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ।