দেশজুড়ে মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনারে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ ষ প্রথম আলো
শহীদ মিনারে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ ষ প্রথম আলো

জেলা, উপজেলা, মহানগর এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও তাদের দোসরদের নাশকতা প্রতিরোধে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে শাজাহান খান এ ঘোষণা দেন। সমাবেশে একাধিক মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার নামে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে মাঠে নেমেছে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত এ সমাবেশে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক শাজাহান খান। ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আত্মপ্রকাশ করে।
সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চের কর্মসূচি ঘোষণা করেন শাজাহান খান। তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিয়ে ১৩ ডিসেম্বরের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কমিটি গঠন করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ছাড়াও ১৯ ডিসেম্বর রেলপথ ও রাজপথে নাশকতা বন্ধের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা-জনতা রেলপথ ও রাজপথে পদযাত্রা করবে। ঢাকায় কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১০টায় পদযাত্রা শুরু হবে। ২০ ডিসেম্বর থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে জামায়াত-শিবির ও তাদের দোসরদের নাশকতার বিরুদ্ধে গণসংযোগ ও সভা-সমাবেশ করা হবে। সবশেষে ঢাকায় মুক্তিযোদ্ধা-জনতার এক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য অটুট না হলে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না দেশ তাদের হাতে চলে যাবে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘একাত্তরে আমরা পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছিলাম কিন্তু তাদের দোসর রাজাকার-আলবদরদের বিষদাঁত ভাঙতে পারিনি। তারা এখন রেললাইন উপড়ে ফেলছে, মানুষ মারছে।’
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এখন নিরপেক্ষ বলে কিছু নেই। এখন বাংলাদেশের পক্ষে না থাকলেই পাকিস্তান-আফগানিস্তানের পক্ষভুক্ত হতে হবে।
শাজাহান খান বলেন, তত্ত্বাবধায়কের নাম করে বিএনপি যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে বাঁচানোর আন্দোলন করছে। সমাবেশে ঢাকা মহানগরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে যোগ দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, কল্যাণী ঘোষ, মনোরঞ্জন ঘোষালের নেতৃত্বে পরিবেশিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে মুক্তিযোদ্ধা আবদুল আহাদ চৌধুরী, হেলাল মোর্শেদ খান, ইসমত কাদির গামা প্রমুখ বক্তব্য দেন।
মঞ্চের সদস্যসচিব আবদুল মালেক বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও রায় বাস্তবায়নে সরকারকে সহযোগিতা, জামায়াত ও শিবিরের নাশকতা প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্য সুদৃঢ় করাই মঞ্চের লক্ষ্য।