দেশজুড়ে শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’ ১৪১৮ প্রতিযোগিতা
সারা দেশ থেকে সেরা রন্ধনশিল্পী খুঁজে বের করতে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনী’ আয়োজন করেছে ‘সেরা রাঁধুনী’ ১৪১৮ প্রতিযোগিতা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ বছর বা এর বেশি বয়সী যেকোনো নারী-পুরুষ তাঁদের নিজস্ব রান্নার রেসিপি পাঠিয়ে অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। বিদেশি খাবার ও ডেজার্ট নয়, রেসিপি হতে হবে দেশীয় মেইন কোর্স খাবারের। রেসিপি পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি। সারা দেশ থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূল পর্ব। চূড়ান্ত পর্বে বিজয়ী শ্রেষ্ঠ রাঁধুনী পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশন।অঞ্জন চৌধুরী বলেন, রান্না একটি সৃজনশীল কাজ। এই সৃজনশীল কাজটি যিনি দক্ষতার সঙ্গে করে থাকেন, তিনি শুধু রাঁধুনিই নন, শিল্পীও। তিনি তাঁর পরিবারেরও গর্ব। রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই ‘সেরা রাঁধুনী’ গর্বিত সেই রাঁধুনিদের তুলে ধরার পাশাপাশি দেশের রন্ধনশিল্পের বিকাশে আরও বেশি ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েমসহ স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।