দেশটাকে বদলাতে হলে তরুণদের আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদদের গালি দিয়েই তরুণদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে তরুণদের রাজনীতিতে আসতে হবে। ঝুঁকি ও সাহস নিয়ে রাজনীতির মাঠে থাকতে হবে।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১২’ শিরোনামে দুই দিনব্যাপী যুব সম্মেলনের সমাপনী দিনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতারা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।‘দেশের সংসদীয় ব্যবস্থা ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা পর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘২০১০ সালের এক মাঠপর্যায়ের জরিপে দেখা যায়, সেবা নিতে স্থানীয় পর্যায়ে ঘুষের কারণে যে দুর্নীতি হয়, তা আমাদের জাতীয় আয়ের ১ দশমিক ৪৭ শতাংশ।’সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশটাকে ইতিবাচকভাবে বদলে ফেলতে তরুণদের মাঠে নামতে হবে।’‘রাজনীতিতে তরুণেরা’ শীর্ষক আলোচনা পর্বে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ গোলাম মাওলা (রনি) বলেন, ‘বিশ্বজিৎকে হত্যাকাণ্ডের সময় এত সাংবাদিক, পুলিশ ও পথচারী ছিল, কেউ তাকে বাঁচাতে আসেনি। এতে প্রমাণিত হয়, আমাদের সমাজ কত পচে গেছে।’ইয়ুথ ফোরামের একজন সদস্য এ সময় গোলাম মাওলাকে উদ্দেশ করে বলেন, ‘যে দেশে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এই হত্যাকাণ্ডের দায়দায়িত্ব অন্য দলের ওপর চাপিয়ে দেন, সে দেশে কীভাবে তরুণেরা রাজনীতিতে আসবে?’উত্তরে গোলাম মাওলা বলেন, ‘আমার কথা বলার একটা লিমিট আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় কী বলেছে, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে যা বলেছেন, তা আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’ তিনি বলেন, ‘এমন দু-তিনজন মন্ত্রী থাকলে কোনো সরকারকে ডুবতে বেশি দিন লাগবে না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরী, বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, নিলুফার চৌধুরী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, শামা ওবায়েদ, কাজী জেসিন প্রমুখ।