‘আমি শপথ করছি যে সর্বদা ডাস্টবিনে ময়লা ফেলব এবং অন্যদেরও ফেলতে বলব। চলার পথে ময়লা ফেলার প্রয়োজন হলেও সেগুলো সঙ্গে নিয়ে নিজ দায়িত্বে কেবল ডাস্টবিনে ফেলব। উন্মুক্ত স্থান, বনাঞ্চল, জলাশয়ের পরিবেশ বিনষ্ট হয়, এমন কাজ কখনো করব না। পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে সদা সচেষ্ট থাকব।’
গতকাল শনিবার সকালে ঢাকার রবীন্দ্রসরোবরে প্রায় ৪০০ স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এ শপথ নেন। দেশটাকে পরিষ্কার করার আহ্বান নিয়ে এ কর্মসূচির আয়োজন করে পরিবর্তন চাই নামে একটি সংগঠন। কয়েক বছর ধরে তাঁরা এ ধরনের কর্মসূচি পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় গতকালও দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৬ পালিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যাঁরা দেশটাকে পরিষ্কার করছেন, তাঁরাই নায়ক।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের উদ্দেশে স্মারকলিপি পাঠ করে শোনান পরিবর্তন চাইয়ের চেয়ারম্যান ফিদা হক। তিনি বলেন, ফুটপাত বা রাস্তার ধারে ময়লা না ফেলার ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। আবার রাস্তার ধারে ময়লা ফেলার জন্য ডাস্টবিনও নেই অনেক জায়গায়। সিটি করপোরেশনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনারও অভাব রয়েছে। এসব সমস্যার সমাধান করতে হবে।
দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, স্মারকলিপিতে উল্লিখিত প্রতিটি বিষয়ে সিটি করপোরেশন উদ্যোগ নিচ্ছে।
নায়ক অনন্ত জলিল দেশটাকে পরিষ্কার করার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, ‘চলচ্চিত্রে আমি অসম্ভবকে সম্ভব করি। কিন্তু যাঁরা দেশটাকে পরিষ্কার করার অসম্ভব কাজটিকে সম্ভব করছেন, তাঁরাই আসল নায়ক। স্যালুট তাঁদের জন্য।’
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, যাঁরা নয় মাসে একটা দেশ স্বাধীন করতে পারেন, তাঁরা চাইলে ছয় মাসেই দেশটাকে পরিষ্কারও করতে পারবেন।
অস্ট্রেলিয়াপ্রবাসী কামরুল আহসান খান বলেন, ‘একটি সভ্য দেশের পরিচয় হচ্ছে সেটি কতটা পরিচ্ছন্ন। তাই অস্ট্রেলিয়ার মতো পরিচ্ছন্ন দেশেও প্রতিবছর পরিচ্ছন্নতার জন্য একটি দিবস হিসেবে “ক্লিনআপ অস্ট্রেলিয়া ডে” পালন করা হয়। এদিন সবাই নিজ নিজ দায়িত্বে উন্মুক্ত স্থানগুলো আরও পরিষ্কার করে থাকেন।’
জাকির হোসেন স্বপন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সব সময় এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন, সবাইকে অনুরোধও করেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য মান্নান চৌধুরী, শিল্পী পারভেজ সাজ্জাদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ঢাকায় ধানমন্ডি ছাড়াও উত্তরার সেক্টর ১১-এর পার্ক, বাড্ডা জোনের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ভাটারা বাজার, খিলগাঁও জোনে উড়ালসেতুর নিচে, যাত্রাবাড়ী জোনে ধূপখোলা মাঠ থেকে গেন্ডারিয়া বাজার এবং মিরপুর ১০-এ একই রকম কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলায় একই রকম কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশে এ অভিযানে প্রায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন বলে জানিয়েছে পরিবর্তন চাই।