দেশত্যাগে বাধ্য হওয়া নাগরিকদের ফেরত এনে পুনর্বাসনের দাবি
সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনে বাধ্য হয়ে যাঁরা দেশত্যাগ করেছেন, তাঁদের অবিলম্বে ফিরিয়ে এনে যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ৷
গতকাল শুক্রবার পরিষদের কার্যনির্বাহী কমিটি ও জাতীয় উপদেষ্টামণ্ডলীর যৌথ সভা থেকে এই দাবি জানানো হয়৷ রাজধানীর মণি সিংহ-ফরহাদ স্মৃতি ভবনের শহীদ তাজুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷
সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, দেশত্যাগ কোনোটিই বন্ধ হয়নি৷ গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক কোনো সরকারের আমলেই সংখ্যালঘুদের সমস্যার সমাধান হয়নি, হচ্ছে না৷
সভায় মৎস্য ও প্রািণসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সংসদের ভেতরে ও বাইরে সংখ্যালঘুদের দাবি আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান৷ সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, আওয়ামী লীগের নেতাদের অনেকেই ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাস করেন না৷ এঁদের মধ্যেও দখলদার আছেন৷ এঁদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে৷
সাংসদ ঊষাতন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, দানসংক্রান্ত নিবন্ধন আইন ও হিন্দু বিবাহ নিবন্ধন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়৷ পরিষদ ১৯ জুন জেলা ও উপজেলা পর্যায়ে দাবির পক্ষে সমাবেশ ও বিক্ষোভ করবে বলে সভা থেকে ঘোষণা দেওয়া হয়৷ বিজ্ঞপ্তি৷