দেশদরদি মানুষ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুরের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা মিথ্যা, মাদক ও মুখস্থকে ‘না’ বলার শপথ নেয়  ছবি: প্রথম আলো
সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুরের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা মিথ্যা, মাদক ও মুখস্থকে ‘না’ বলার শপথ নেয় ছবি: প্রথম আলো

আজকের মেধাবীদের মধ্যেই রয়েছে আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিক। কিন্তু আমরা চাই মানবদরদি চিকিৎসক, দেশদরদি প্রকৌশলী, দেশপ্রেমিক রাজনীতিক। পেশাগত জীবনে সৎ ও দেশপ্রেমিক হতে হবে। মেধাকে কেবল নিজের বিত্ত-বৈভব বাড়ানোর কাজে না লাগিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ তোমাদের দিকেই তাকিয়ে আছে। গতকাল রোববার কিশোরগঞ্জ ও শেরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দুই জায়গাতেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, মাদক, দুর্নীতি ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে শপথ নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা।

কিশোরগঞ্জ: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠান। মোট ৫১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তৃতা পর্বে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী বলেন, ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় তোমাদের মেধাকে শাণিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী বলেন, ‘চলার পথগুলো মসৃণ নয়। চলার পথে যে জিনিসগুলো তোমাদের কলুষিত করবে, সেগুলো বয়কট করতে হবে।’ প্রবীণ শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরী মাদকসহ যা কিছু খারাপ তা থেকে শিক্ষার্থীদের দূরে থাকার এবং আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক শরীফ সাদী বলেন, ‘ভবিষ্যতে যারা চিকিৎসক, প্রকৌশলী ও রাজনীতিবিদ হবে, তাদের মুখ দেখতে পাচ্ছি। আমরা কবে মানবদরদি চিকিৎসক, দেশদরদি প্রকৌশলী এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ পাব।’ প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু বলেন, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর পৃথিবীকে বদলে দেওয়ার অঙ্গীকার থাকতে হবে তোমাদের।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সনাকের সদস্য মায়া ভৌমিক, প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান, শিক্ষানুরাগী বাদল রহমান, বন্ু্লসভার রাখী গোপাল দেবনাথ প্রমুখ। কৃতী শিক্ষার্থী তানজিলুল ইসলাম ও জাকিয়া সুলতানা বলে, আজকের এ আয়োজন ভবিষ্যতে আরও ভালো ফল করতে প্রেরণা জোগাবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কিছু করতে চেষ্টা করবে তারা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সভাপতি জুলহাস উদ্দিন সরকার।

কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলে ষ প্রথম আলো
কিশোরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলে ষ প্রথম আলো

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার সেরা তিনটি স্কুল: প্রথম—কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা বিদ্যালয়, দ্বিতীয়—সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং তৃতীয়—করিমগঞ্জ উপজেলার শামসুন্নাহার গণি উচ্চবিদ্যালয়ের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা যথাক্রমে শাহনাজ কবীর, এ কে এম আবদুল্লা ও মো. রফিকুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা।
শেরপুর: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক ড. সুধাময় দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল গনি, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, সরকারি ভিক্টোরিয়া একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মো. জহুরুল ইসলাম, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও টেলিটকের সহকারী ব্যবস্থাপক মো. আতিকুল আলম। ড. সুধাময় দাস বলেন, ‘তোমরা সুশিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা।’ অধ্যাপক আশীষ চন্দ্র কর বলেন, ‘শুধু ভালো ফল করলেই হবে না, এই সমাজের মানুষকে সেবা করতে হবে। বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় সুশিক্ষিত হয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’ শেরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. আবদুল গণি বলেন, ‘তোমরা তোমাদের মেধা দিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।’ মো. জহুরুল ইসলাম বলেন, ‘তোমাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।’

 সংবর্ধনার প্রতিক্রিয়া জানিয়ে কৃতী শিক্ষার্থী মেহেরুন্নাহার মীম বলে, ‘এই সংবর্ধনা শুধু আমাদের গর্বিত করেনি, আমাদের পিতা-মাতাকেও গর্বিত করেছে। আজ যে স্বীকৃতি পেলাম, তা থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশের সেবা করতে চাই।’

শেরপুরের পাঁচটি উপজেলার ছয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার তিনটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান—শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, নবীনগর আদর্শ বিদ্যাপীঠ ও ইমামবাড়ি উচ্চবিদ্যালয়কে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলো শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী ও আই-জিনিয়াস সাদমান সাকিব।

আজ ২ সেপ্টেম্বর সোমবার

বরিশাল

স্থান: মেডিকেল কলেজ মিলনায়তন

সময়: সকাল নয়টা

মুন্সিগঞ্জ

স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন

সময়: সকাল ১০টা

আগামীকাল ৩ সেপ্টেম্বর

গোপালগঞ্জ

স্থান: শেখ মণি মিলনায়তন

সময়: সকাল নয়টা