
ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০০ নির্বাচনী আসনের মধ্যে ২৯৭টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। আর তিনটি আসন খালি রেখেছে মহাজোটের শরিক তিন নেতার প্রতি সম্মান দেখিয়ে। এই সম্মানিত নেতাদের মধ্যে একদা স্বৈরাচার এরশাদও আছেন।
তবে আওয়ামী লীগের এই তালিকাই যে চূড়ান্ত নয়, সে কথা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, এটি আওয়ামী লীগের মনোনয়ন। ১৪ দলের জোটগত মনোনয়ন দেওয়া হলে তালিকার রদবদল হবে। আর প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে এলে ২০০৮ সালের মতো মহাজোটের ব্যানারে নির্বাচন করার সম্ভাবনাই বেশি।
আমরা যদি আওয়ামী লীগের প্রার্থী তালিকার দিকে তাকাই, কী দেখতে পাই?
শেখ হাসিনার পাঁচ বছরের মন্ত্রিসভার ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়েছেন। তাঁদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার নিজেই নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন। অন্য যে পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়েছেন, তাঁদের ভূমিকা বিতর্কিত ছিল।
কিন্তু মন্ত্রী হিসেবে ব্যর্থতা এবং বিতর্কের কারণেই যদি তাঁরা মনোনয়ন না পেয়ে থাকেন, তাহলে তাঁদের চেয়ে আরও বেশি ব্যর্থ ও বিতর্কিতরা কীভাবে মন্ত্রী পদে বহাল আছেন এবং মনোনয়নও বাগিয়ে নিলেন। মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের বিরুদ্ধে স্বাধীনতার পর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর বাড়ি দখলের অভিযোগ ছিল। (তথ্যসূত্র: মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের বই ‘রক্ষী বাহিনীর সত্য-মিথ্যা’)। যারা হরতাল ডাকবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করারও ফতোয়া দিয়েছিলেন এই নেতা।
আরও একাধিক মন্ত্রীর সাফল্যের ভাঁড়ার শূন্য হওয়া সত্ত্বেও মনোনয়ন আদায় করে নিয়েছেন নিছক গলাবাজির জোরে। মন্ত্রী হিসেবে যাঁরা সবচেয়ে ব্যর্থ, তাঁরা পাঁচ বছর দলেই বিরোধী দলের বিরুদ্ধে বিষোদ্গারে অভাবনীয় পারদর্শিতা দেখিয়েছেন।
এবারে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের মধ্যে সৈয়দ আবুল হোসেনের নামটি বেশ আলোচিত। সাবেক যোগাযোগমন্ত্রী। পদ্মা সেতু কেলেঙ্কারিতে তাঁর নাম আসার সময়েই বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি উঠলেও প্রধানমন্ত্রী কর্ণপাত করেননি। এমনকি বিশ্বব্যাংকের চাপে যখন তিনি পদত্যাগ করতে বাধ্য হন, তখনো প্রধানমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দেশপ্রেমিক বলে সার্টিফিকেট দিয়েছিলেন। সেই দেশপ্রেমিক এবারে মনোনয়ন থেকে বাদ পড়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই আবুল হোসেনকে সরিয়ে দিলে হয়তো বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন প্রত্যাহার করে নিত না আর দক্ষিণবঙ্গের চার কোটি মানুষের স্বপ্নও পূরণ হতো।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এবারে অতি বিতর্কিত ১২ জন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই ১২ জন হলেন শামীম ওসমান, আবদুর রহমান বদি, আমানুর রহমান খান রানা, নূরন্নবী চৌধুরী শাওন, আবদুস শহীদ, সোলায়মান জোয়ারদার সেলুন, মিজানুর রহমান, মতিউর রহমান, আ স ম ফিরোজ, কামাল মজুমদার, আবু রেজা নাদভী ও জাহাঙ্গীর আলম। এঁদের মধ্যে নবম সংসদের সদস্য যেমন আছেন, তেমনি আছেন নবম সংসদে মনোনয়ন না পাওয়া ব্যক্তিরাও।
তবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে নারায়ণগঞ্জের গডফাদার বলে পরিচিত শামীম ওসমানের মনোনয়ন। এই আসনে আগেরবার মনোনয়ন পেয়েছিলেন সারাহ বেগম কবরী। প্রখ্যাত অভিনেত্রী। এবারে তিনি বাদ পড়লেন কেন জানা গেল না। শামীম ওসমানের বিরুদ্ধে ১৭টি মামলা ছিল। এর সবগুলো এই সরকারের আমলে রাজনৈতিক মামলার নামে প্রত্যাহার বা নিষপত্তি হয়ে গেছে। এখন তিনি মামলামুক্ত। কিন্তু চাঁদাবাজি-দখলবাজির অভিযোগ মুক্ত নন।
১৯৯৬-২০০১ সালে শামীম ওসমানদের জন্যই নারায়ণগঞ্জ চিহ্নিত হতো সন্ত্রাসের জনপদ হিসেবে। পাঁচ বছর দাপট দেখিয়ে নির্বাচনের দিন রাতেই দলের নেতা-কর্মীদের ফেলে বিদেশে পালিয়ে যান তিনি। ২০০৬ সালের ডিসেম্বরে নির্বাচনী ডামাডোলে একবার দেশে এলেও আবার তাঁকে চলে যেতে হয়। কখনো ভারতে, কখনো কানাডায়। এরপর ফিরে আসেন ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে।
আগের আমলে দলে শামীম ওসমানের মতো আরও যাঁরা বদনাম কামিয়েছিলেন, ঢাকার মকবুল হোসেন ও হাজি সেলিম, ফেনীর জয়নাল হাজারী—কাউকেই আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে মনোনয়ন দেয়নি। এবারও শামীম ওসমান ছাড়া উল্লিখিত ব্যক্তিদের কারও ভাগ্যে শিকে ছিঁড়েনি।
এই পাঁচ বছরে তাঁর অনেক মহত্ কৃতিত্বের কথা নারায়ণগঞ্জের মানুষ জানেন। শুধু জানেন না, হাড়ে হাড়ে টের পেয়েছেন। সাংসদ না হয়েও তিনি নারায়ণগঞ্জের ‘নতুন রাজা’ হিসেবে আবির্ভূত। পাঁচটি পরিবহন কোম্পানি সংবাদ সম্মেলন করে শামীম ওসমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কোটি কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ এনেছে। এই ‘জনপ্রিয় নেতা’ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত্ আইভীর কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর প্রধানমন্ত্রী গণভবনে ডেকে নিয়ে তাঁদের একসঙ্গে কাজ করার কথা বললেও শামীম পরদিন থেকে মেয়রের বিরুদ্ধে ‘জিহাদে’ নামেন এবং ভয়ভীতি দেখান। তাঁর ভাই নাসিম ওসমান, যিনি জাতীয় পার্টির একজন সাংসদ, বিরোধীদের পিঁপড়ার মতো পিষে মারার হুমকি দিয়েছেন। এঁদের কাছে আইন-কানুন, পুলিশ প্রশাসন, সরকার কিছুই না। তাঁরা যা বলবেন, সেটাই আইন।
সর্বশেষ মেধাবী ছাত্র তানভীর আহমদ ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমানের পরিবার জড়িত বলে অভিযোগ রয়েছে। কেবল অভিযোগ নয়, মামলার চার্জশিটভুক্ত আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ত্বকী হত্যার সঙ্গে জড়িত।
কিন্তু হত্যার অভিযোগ থাকার পরও কীভাবে আজমেরী বিদেশে গেলেন? ত্বকী হত্যার পর পরই তাঁর বাবা শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত করার আবেদন জানালেও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তবে র্যাব কলেজ রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল থেকে রক্তমাখা জিনসের প্যান্ট, লাঠি ইত্যাদি উদ্ধার করে। সেখানে দেয়ালে দেয়ালে অসংখ্য গুলির চিহ্ন। যাঁরা কথিত ব্যবসায়ী অফিসকে টর্চার সেল বানান, তাঁদের সম্পর্কে আইনের রক্ষক সরকার কী ব্যবস্থা নেয়, সেটি দেখার জন্যই নারায়ণগঞ্জবাসী তথা সারা দেশের মানুষ অপেক্ষা করছে।
ত্বকীর বাবা রাফিউর রাব্বি পুত্র হত্যার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর আশঙ্কা, শামীম ওসমান সাংসদ নির্বাচিত হলে ত্বকী হত্যার বিচারপ্রক্রিয়া থেমে যাবে। বিচারের দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জীবন বিপন্ন হয়ে পড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বজন হারিয়েছেন ঘাতকের হাতে। ২০০৪ সালে তাঁকেও ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল। সেই প্রধানমন্ত্রী কি ত্বকীর বাবা-মায়ের আর্তি শুনতে পাচ্ছেন না? বিচারের বাণী কি এভাবেই কাঁদতে থাকবে?
প্রতিটি খুনের রং লাল। প্রতিটি মৃত্যুই শোকের। আশা করি, স্বজনহারা শেখ হাসিনা সন্তানহারা রাফিউর রাব্বির বেদনার ভাষা বুঝতে পারবেন।