দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন আবদুল মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিনের স্মরণসভায় আলোচকেরা বলেছেন, তিনি ছিলেন দেশপ্রেমিক রাজনীতির এক আলোকবর্তিকা। ভাষার জন্য লড়াইয়ে জয়ী এই সৈনিক আমৃত্যু সংগ্রাম করে গেছেন নিপীড়িত মানুষের অধিকার আদায়ে। কিন্তু তাঁর স্বপ্নের বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি।
গতকাল শনিবার নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আবদুল মতিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় আলোচকেরা এসব কথা বলেন।
বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, এনডিপি নেতা মঞ্জুর হোসেন, গণ-সাংস্কৃতিক দলের এস আল-মামুন প্রমুখ।
এদিকে ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে ভাসানী অনুসারী পরিষদ। সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।