রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, মহান দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে আরও তৎপর হবেন।সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল রোববার বঙ্গভবনে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ এবং বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল মো. ইনামুল বারী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি তাঁদের কথা শোনেন এবং নিয়মিত কাজের পাশাপাশি জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি গতকাল সকালে ক্যান্টনমেন্টের শিখা অনির্বাণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি সকাল আটটায় শিখা অনির্বাণের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।