
বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। আর এই সম্ভাবনার মূল স্তম্ভ হচ্ছে আজকের তরুণ সমাজ। দেশটাকে এগিয়ে নেওয়ায় মূল ভূমিকা রাখতে হবে তোমাদের প্রজন্মকে। পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, দেশপ্রেমের পরীক্ষাতেও পাস করতে হবে। তোমাদের প্রজন্মকে নেশার মতো মরণছোবল থেকে দূরে থাকতে হবে।গতকাল শনিবার ময়মনসিংহ, গাইবান্ধা ও ঝিনাইদহে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানগুলোর সূচনায় জাতীয় সংগীত পরিশেন করেন স্থানীয় বন্ধুসভার সদস্যরা। উপস্থিত শিক্ষার্থীরা মাদক, মিথ্যা ও ইভ টিজিংকে ‘না’ বলার শপথ নেয়।প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল নয়টায় শুরু হয় দুই পর্বের এ সংবর্ধনা অনুষ্ঠান। মোট এক হাজার ২২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ বন্ধুসভার সদস্য নাহিদ মণ্ডল ও ইসরাত আতিকার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাঁশরী ভট্টাচার্য, একই স্কুলের সহকারী শিক্ষক মাজেদা হোসেন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলতাব হোসেন, একই স্কুলের মো. সিদ্দিকুর রহমান, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক গোলাম হক, একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক চান মিয়া, গফরগাঁও সরকারি ইসলামিয়া বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার রায়, কবি ইয়াজদানী কোরায়শী প্রমুখ।
বাঁশরী ভট্টাচার্য বলেন, তোমাদেরই একদিন এই দেশের নেতৃত্ব দিতে হবে। অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। গোলাম হক বলেন, দেশের নতুন প্রজন্মের প্রতি প্রথম আলো যে দায়িত্ব পালন করে, সেটা অতুলনীয়। ময়মনসিংহের সেরা তিনটি স্কুলের মধ্যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রতিনিধি অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি। অন্য দুটি স্কুল—ময়মনসিংহ জিলা স্কুল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে ছিল ময়মনসিংহ বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাইবান্ধা
জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সেলিনা, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, টেলিটক বাংলাদেশ লিমিটেডের বগুড়া অঞ্চলের স্টেশন ম্যানেজার মো. ফওজুল আজিমসহ বিরতী রঞ্জন সরকার, চুনি ইসলাম, জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী জাকিয়া তাসনিম, শাহেদ আলম। পরে জেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়, আহমঞ্চদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে গান গেয়ে শোনান চুনি ইসলাম, মাহমুদ সাগর মহব্বত, অহনা, মিথিলা, অর্ণিতা, রোদেলা। নৃত্য পরিবেশন করেন স্বপন ও তাসনিমা। সংবর্ধনা অনুষ্ঠানে গাইবান্ধার সাত উপজেলার ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯৮ জন অংশ নেয়। সংবর্ধনা পাওয়ার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানায়, ভালো ফলের জন্য টাকা লাগে না। মনোযোগের সঙ্গে নিয়মিত পড়াশোনা করলে ভালো ফল করা সম্ভব।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জাহেদুল ইসলাম বলেন, কেবল পরীক্ষায় ভালো করলেই চলবে না, দেশপ্রেমের পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। সুলতানা সেলিনা বলেন, প্রথম আলোর এ সংবর্ধনা তোমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার উৎসাহ জোগাবে। সাহানা বানু বলেন, তোমাদের মিথ্যা ও মুখস্থবিদ্যাকে পরিহার করতে হবে। ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাদেরই।
ঝিনাইদহ
ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে গতকাল সকাল ১০টায় শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি সাইক-আল জামি। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল হক ও ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বিশ্বাস, টেলিটকের কর্মকর্তা সাইফুজ্জামান, প্রথম আলো ঢাকা বন্ধুসভার হাসান ইমাম প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার আহ্বান জানান। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানায় কৃতী শিক্ষার্থী মাহমুদুল হাসান আশিক ও জান্নাতুল নাঈম লাজুক। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন শফিক আক্রাম।
ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থী এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সহসভাপতি শাহারিন আক্তার। সংগীত পরিশেন করেন বন্ধুসভার শিল্পীরা।
আজ ১ সেপ্টেম্বর রোববার
শেরপুর
স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন
সময়: বেলা ১১টা
কিশোরগঞ্জ
স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন
সময়: সকাল ১০টা
আগামীকাল ২ সেপ্টেম্বর সোমবার
বরিশাল
স্থান: মেডিকেল কলেজ মিলনায়তন
সময়: সকাল নয়টা
মুন্সিগঞ্জ
স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন
সময়: সকাল ১০টা