দেশবন্ধু গ্রুপকে ১৬ কোটি টাকা জরিমানা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দেশবন্ধু গ্রুপকে ১৬ কোটি টাকার বেশি জরিমানা করার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশবন্ধু গ্রুপ দেশীয় বাজার থেকে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির নামে ছয় হাজার টন চিনি ৩৩ টাকা কেজি দরে কেনে। পরে তারা ৬০ টাকা কেজি দামে তা দেশীয় বাজারে বিক্রি করে। এ ঘটনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং শিল্প মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া দেশবন্ধু গ্রুপকে কেজিপ্রতি বাড়তি ২৭ টাকা করে ছয় হাজার টন চিনির জন্য ১৬ কোটি টাকার বেশি জরিমানা করার সুপারিশ করা হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, কমিটি জানতে পেরেছে চীনের যে প্রতিষ্ঠানের সঙ্গে সরকার সার কারখানা তৈরির চুক্তি করেছে, সেই প্রতিষ্ঠানের সার কারখানা নির্মাণের অভিজ্ঞতা নেই। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে স্বচ্ছ থাকার পরামর্শ দিয়েছে। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সংসদীয় কমিটি এ ব্যাপারে যে সুপারিশ করেছে, মন্ত্রণালয় তা বাস্তবায়ন করবে।