দেশবাসী ‘আপদ’ আর ‘বিপদের’ জাঁতাকলে আবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশবাসী আজ ‘আপদ’ আর ‘বিপদ’-এর জাঁতাকলে আবদ্ধ হয়ে আছে। আওয়ামী বলয়ের আপদ এবং বিএনপি বলয়ের বিপদ থেকে পরিত্রাণ চায় দেশের মানুষ। গতকাল বুধবার দিনাজপুর জেলা সিপিবি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজাহিদুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, বিপদ-আপদের ওপর আছে জামায়াতে ইসলামীসহ উগ্র জঙ্গিবাদী শক্তির মহাবিপদ। এই আপদ-বিপদ মোকাবিলায় বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তুলতে হবে। মহাবিপদ মোকাবিলায় সবাইকে নামতে হবে রাজপথে। দিনাজপুর লোকভবন চত্বরে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. গোলাম কিবরিয়া, বদিউজ্জামান, প্রশান্ত কুমার সেন, সুভাষ চন্দ্র কুণ্ডু, শওকত আলী প্রমুখ। জনসভা পরিচালনা করেন খেতমজুর নেতা মো. রিয়াজুল ইসলাম। সিপিবির নেতা বলেন, আওয়ামী লীগ তিন বছর পার করলেও নির্বাচনী ওয়াদার সামান্যই পূরণ করেছে। সরকার সারের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনজীবনের সংকটকে আরও তীব্র করেছে। কৃষকেরা ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছে না।মুজাহিদুল ইসলাম বলেন, শেয়ারবাজার-সংকট লাখ লাখ মানুষকে সর্বস্বান্ত করেছে, ব্যাংকে তারল্য সংকট চলছে। মূল্যস্ফীতি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার কুইক রেন্টাল করে বিদ্যুৎসংকট নিরসনের নামে উল্টো জনজীবনের সংকট বাড়াচ্ছে। পর্যাপ্ত কয়লা, গ্যাস মজুদ থাকলেও তা তোলার জন্য দেশীয় নিজস্ব প্রতিষ্ঠানকে দিয়ে উত্তোলনের চেষ্টা না করে বিদেশি কোম্পানিকে তা ইজারা দিয়ে সম্পদ বিদেশে পাচার করার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার সংবিধান সংশোধনের নামে জাতিকে ধোঁকা দিয়েছে। বিজ্ঞপ্তি।