দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাহমিদের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিমান এফ-৭-এর বৈমানিক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদের ১৫ দিনেও খোঁজ মেলেনি। তাঁর খোঁজে সাগরে অভিযান চলছে। ঘটনার পর থেকে তাহমিদের পরিবার অবস্থান করছে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে। পরিবারের আশা, তাহমিদ ফিরবেন। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাহমিদের বাবা।
তাহমিদের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল কাদের গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘বিমান দুর্ঘটনার দিন থেকেই বিমানবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে আমার ছেলের খোঁজ পেতে। কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কাল (মঙ্গলবার) শবে কদরের রাত। আমি দেশের মানুষের কাছে দোয়া চাই। তাঁরা যেন দোয়া করে, আমার ছেলে ও বিমানটির খোঁজ মেলে।’
গত ২৯ জুন সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদ (২৪)। বেলা ১১টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তিনি সংযোগ বিচ্ছিন্ন হন। আনুমানিক সাড়ে ১১টার দিকে যুদ্ধবিমানটি পতেঙ্গায় বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিধ্বস্ত হয়। সেই থেকে নিখোঁজ তাহমিদ। চার ভাইবোনের মধ্যে সবার বড় তাহমিদ। মা মর্জিনা বেগম গৃহিণী। তাহমিদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।