সরকারের সব কাজে যাঁরা বাধা দেওয়ার চেষ্টা করছেন তাঁদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দেশবিরোধী যেকোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও অনুরোধ জানান তিনি।গতকাল বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর ভাঙন থেকে চাঁদপুর সেচ প্রকল্পের হাইমচর এলাকা রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।হাইমচরের পূর্ব চরকৃষ্ণপুরে পুরাতন হাইমচর কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে দীপু মনি বলেন, ‘যারা জনপ্রশাসনকে বাধা দিচ্ছে তারা এটা করে জনগণের সঙ্গেই বেঈমানি করছে। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত ও তাঁদের রক্ষা করতে কোনো কোনো মহল অপচেষ্টা চালাচ্ছে। নদীর ভাঙন রোধ প্রকল্পের কাজ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সবাই এই কাজ তদারকি করবেন।হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নুরুল আলা, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গনি পাটওয়ারী প্রমুখ।হাইমচর উপজেলার সাড়ে ছয় কিলোমিটার নদীর তীর সংরক্ষণের এই প্রকল্পে ব্যয় হবে ১২৭ কোটি ৯০ লাখ টাকা।