দেশবিরোধী তৎপরতা রোধে চাই শিশুদের সঙ্গে নিবিড় সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের মানসিক বিকাশ ঘটাতে হলে তাদের সঙ্গে অভিভাবকদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও তাদের ধারণা দিতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরের হাসপাতাল রোডে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সচেতনতা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, শিশু যখন বুঝতে শুরু করে তখন থেকেই পড়াশোনার পাশাপাশি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রথম ভূমিকা রাখতে হবে পরিবারকে। অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, যাতে শিশুরা কেবল মেধাবী নয়; বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ভালো মানুষও হতে পারে।
বক্তারা আরও বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গেও যুক্ত করতে হবে। যেসব শিশু ছোটবেলা থেকে দেশপ্রেম, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায়, তারাই বড় হয়ে দেশের উন্নয়নে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। তারা দেশবিরোধী কিংবা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত হতে পারে না।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী সেলিনা, কলেজশিক্ষক সুজয় সেনগুপ্ত, সংগীত শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে দুই শতাধিক শিশু ও অভিভাবক উপস্থিত ছিলেন।