দেশব্যাপী গণআন্দোলনের ডাক সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপণ্যের দাম কমানো, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করা, বিদেশের সঙ্গে সম্পাদিত অসম চুক্তি বাতিল, যুদ্ধাপরাধীদের বিচার এবং বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনরায় প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এই কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ২৬ জুলাই সমমনা বাসদকে সঙ্গে নিয়ে সারা দেশে সমাবেশ, মিছিল ও পদযাত্রা করবে। পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবির কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দুই প্রধান জোটের বিরোধের কারণে দেশে সংঘাতের রাজনীতি ধূমায়িত হচ্ছে। নীতি ও আদর্শের নয়, বরং লুটপাট ও ভাগ-বাটোয়ারার প্রতিযোগিতার কারণেই প্রধান দুই জোটের এই বিরোধ। এই বিরোধ উসকে দিয়ে ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে ওত পেতে আছে দেশি-বিদেশি চক্রান্তকারীরা। সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’ বহাল রেখে আওয়ামী লীগ এরই মধ্যে বিএনপির আদর্শের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে বলেও লিখিত বক্তব্যে বলা হয়েছে।বর্তমান মহাজোট সরকার যেভাবে দেশ চালাচ্ছে তা চোখ বুজে সহ্য করার মতো নয় বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, তাই দেশ রক্ষায় গণআন্দোলনের কোনো বিকল্প নেই। এই আন্দোলনে বামপন্থী এবং প্রগতিশীল দল ও ব্যক্তিবর্গকে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আসন্ন রমজান মাসে সারা দেশে প্রচারাভিযান চালানো হবে। আগামী সেপ্টেম্বর মাসে দেশের সব উপজেলায় ‘জাগরণ অভিযাত্রা’ সংগঠিত করা হবে। ১১ দফা দাবির মধ্যে রয়েছে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি উপকরণের দাম কমানো; শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ ও স্থায়ী মজুরি কমিশন গঠন; ঘুষ-দুর্নীতি, টেন্ডারবাজি, অবৈধ দখল, সন্ত্রাস ও ক্রসফায়ার বন্ধ; সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের জন্য কনোকোফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল ও বাপেক্সের মাধ্যমে তেল-গ্যাস উত্তলনের ব্যবস্থা করা; যুদ্ধাপরাধীদের বিচার; সংবিধানের মূল চেতনার পরিপন্থী সাম্প্রদায়িক ধারাগুলো বাতিল ইত্যাদি। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান রনো, শামসুজ্জামান সেলিম, কাজী সাজ্জাদ জহির প্রমুখ।