একাত্তরের ঘাতক-দালালদের প্রতি ঘৃণা প্রকাশ করতে দেশব্যাপী ধিক্কার স্তম্ভ করার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। মুক্তিযুদ্ধের সময় ৫ নম্ব্বর সেক্টরের কমান্ডার লে. জেনারেল (অব.) মীর শওকত আলীর ইচ্ছা অনুযায়ী এই স্তম্ভ করার দাবি জানান তাঁরা। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি শোকবার্তা না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন ফোরামের নেতারা।মীর শওকতের স্মরণে গতকাল রোববার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ফোরাম আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এবং পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, মীর শওকত বিএনপির রাজনীতি করলেও ওই দলের স্বাধীনতাবিরোধীদের তিনি সহ্য করতে পারতেন না। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের এক বীরকে হারিয়েছে। ফোরামের ভাইস চেয়ারম্যান সেক্টর কামান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, স্ব্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডারের মৃত্যু হলো, অথচ রাষ্ট্র কোনো শোকবার্তা পাঠাল না। এর চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না।সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের দুই বছর আগেই যুদ্ধের রণকৌশল এবং সেক্টর কমান্ডারদের অবস্থ্থান বিষয়ে সাত পৃষ্ঠার একটি পরিকল্পনা করা হয়েছিল। মীর শওকত এই পরিকল্পনা প্রকাশে খুবই আগ্রহী ছিলেন। কয়েক দিনের মধ্যেই এ দলিল প্রকাশ করা হবে। শোকসভায় স্বল্পসংখ্যক মানুষ উপস্থিত থাকায় হতাশা প্রকাশ করেন ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-আল রশিদ। শোকসভার শুরুতে সমবেত ব্যক্তিরা শোকবইতে সই করেন। কয়েক দিন এই শোকবই মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখার পর সেটি মীর শওকতের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। সভায় অন্যান্যের মধ্যে মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান ও ডা. সারোয়ার আলী বক্তৃতা করেন।