দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি
দেশব্যাপী হরতাল, অবরোধ, সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ হত্যা, গাড়ি পোড়ানোসহ অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। একই দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে মানববন্ধন কর্মসূচি করে মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেরাজুল ইসলামের সভাপতিত্বে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দেশব্যাপী চলা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং হরতাল-অবরোধ প্রত্যাহার করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।
পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যা বন্ধ, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ‘প্রতিবাদী গণ-অবস্থান’ কর্মসূচি পালিত হয়েছে। উদীচী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখা স্থানীয় পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে। উদীচী উপজেলা শাখার সভাপতি ফরিদা বিজলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী ও উদীচীর নেতারা বক্তৃতা করেন।