দেশব্যাপী বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণসহ পূর্ণাঙ্গ বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, ইনক্রিমেন্ট ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি স্কুল ও কলেজশিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ ১৭ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সারা দেশে ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই কর্মসূচি পালন করেন। আজ বুধবার জেলা পর্যায়ে বিক্ষোভ ও সমাবেশ করা হবে।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: জেলার দুই শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গতকাল নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া আজ বুধবার বেলা ১১টার দিকে জেলার সব কটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ফরিদপুর উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হবেন। মাদারীপুর: বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আলহাজ উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির নেতা আবদুল মান্নান, খলিলুর রহমান, কাজী আবুল বাশার প্রমুখ।কুড়িগ্রাম: দুপুরে শহরের কেন্দ্রীয় কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবদুল মালেক, মোশারফ হোসেন, জাকির হোসেন প্রমুখ। নেত্রকোনা: সদর উপজেলার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষ হয় উপজেলা প্রাঙ্গণে গিয়ে। সেখানে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি লুৎফর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক, উপজেলা শাখার সভাপতি মো. আলী আকবর প্রমুখ। জেলার অন্যান্য উপজেলায়ও এই কর্মসূচি পালিত হয়েছে। লাকসাম (কুমিল্লা): সকাল ১০টার দিকে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। শিক্ষক নেতারা তাঁদের ১৭ দফা দাবিসংবলিত একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তপন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ১০০ টাকা এবং চিকিৎসা ভাতা ১৫০ টাকা দিয়ে সরকার শুধু শিক্ষকদের নয়, পুরো জাতিকে কলঙ্কিত করেছে। মির্জাপুর (টাঙ্গাইল): বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোফাক্কার হোসেন, সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মো. রায়হানুল আলম মহসীন প্রমুখ। ঘাটাইল (টাঙ্গাইল): দুপুরে ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পীরগাছা (রংপুর): দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার জে এন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শাহ মাসুদার রহমান, শিক্ষক সমিতির সভাপতি মতিয়ার রহমান খন্দকার, সম্পাদক নুরুল ইসলাম খোকন প্রমুখ।