দেশব্যাপী বোমা হামলার পঞ্চম বার্ষিকী আজ
দেশব্যাপী বোমা হামলার পঞ্চম বার্ষিকী আজ ১৭ আগস্ট। ২০০৫ সালের এই দিনে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্র ছড়িয়ে এবং দেশের ৬৩টি জেলায় একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এরপর ওই বছরের ৩ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেএমবির জঙ্গিরা বিভিন্ন স্থানে সাত দফা আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে দুই বিচারক, আইনজীবী, পুলিশসহ ২৩ জন নিহত হন।মূলত আত্মঘাতী এসব হামলার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএমবির বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে। জেএমবির মজলিশে শুরার সদস্যদের ধরিয়ে দেওয়ার জন্য সরকার তখন পুরস্কারও ঘোষণা করে। পরে ২০০৫ সালের ১৩ ডিসেম্বর থেকে পরের বছর ২৬ এপ্রিলের মধ্যে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবির মজলিশে শুরার শীর্ষস্থানীয় সাত নেতা ধরা পড়েন। তত্ত্বাবধায়ক সরকার আমলে শায়খ রহমান, বাংলা ভাইসহ শীর্ষস্থানীয় পাঁচ জঙ্গির ফাঁসি কার্যকর হয়। এরপর হবিগঞ্জের মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে জেএমবি পুনর্গঠিত হয়।পুলিশ সদর দপ্তরের জঙ্গি দমনসংক্রান্ত বিশেষ গোয়েন্দা দলটি গত মে মাসে জেএমবির শীর্ষস্থানীয় নেতা মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরকে (৫১) তিন সহযোগীসহ রাজধানীর পূর্ব দনিয়া থেকে গ্রেপ্তার করে। সাইদুর গ্রেপ্তারের পর জেএমবির উত্তরাঞ্চলের বিভাগীয় প্রধান ভাগিনা শহীদ ওরফে আনোয়ার আলম জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। গত ১২ জুলাই বগুড়ায় ভাগিনা শহীদকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, র্যাব ও পুলিশের টানা অভিযানের মুখে জেএমবির নেতৃত্ব ভেঙে পড়েছে।