দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
সাগর-রুনি হত্যা রহস্য উদ্ঘাটন করতে না পারার প্রতিবাদ, সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল-এর সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, সাতক্ষীরার সাংবাদিক অসীম চক্রবর্তী, মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় অভিযোগপত্র দায়ের করার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ আ ফ ম রুহুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
একই সঙ্গে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে ১ মার্চ কর্মবিরতি পালন, ৬ মার্চ সাংবাদিক সমাবেশ ও ফটোসাংবাদিকদের ১ ঘণ্টা ক্যামেরা বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধন চলাকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় দৈনিক কালের চিত্র-এর সম্পাদক আবু আহমেদ, দক্ষিণের মশাল-এর সম্পাদক আশেক-ই-এলাহী, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার, রবিউল ইসলাম, অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।