দেশব্যাপী ১৬ কোটি গাছ লাগানোর উদ্যোগ এভারেস্ট ফাউন্ডেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট ফাউন্ডেশন প্রতিবছর সারা দেশে ১৬ কোটি দেশি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। ১৮ জুলাই বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। সেই উদ্যম ও আগ্রহকে কাজে লাগিয়ে মুসা ইব্রাহীম ও বন্ধুরা প্রতিবছর ১৬ কোটি করে গাছ রোপণ করে আরেকটি উদাহরণ সৃষ্টি করতে চান। এ কর্মসূচির উদ্দেশ্য হলো, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি মানুষ যাতে একটি করে গাছ রোপণ করেন এবং যাঁরা রোপণ করতে পারছেন না, তাঁদের হয়ে গাছ লাগাতে পারেন—সে সচেতনতা তৈরি করা। এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে দেশের পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর গাছ, যেমন—অ্যাকাশিয়া, ইউক্যালিপটাস, মিঞ্জিরি, ম্যাঞ্জিয়াম ইত্যাদি রোপণে নিরুৎসাহিত এবং পর্যায়ক্রমে এ ধরনের গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে দেশি গাছ লাগিয়ে বাংলাদেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি গড়ে তোলা। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন পর্যায়ের বরেণ্য ব্যক্তির উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হবে। অভিযানে সর্বস্তরের লোকজন অংশ নিতে পারবেন।১৮ জুলাই ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে (রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে গাছ লাগিয়ে এ অভিযান উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।