তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালসহ তিনটি দাবিতে ১৮-দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রোববার বড় কোনো সহিংসতা ছাড়াই ঢিলেঢালাভাবে শেষ হয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: শহরের চারারগোপ এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নেতা আবদুল করিমসহ বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর: হরতাল চলাকালে গাজীপুরের কালিয়াকৈরে মিছিল থেকে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম: সকালের দিকে নগরের আলমাস সিনেমার সামনে একটি এবং ওয়াসার মোড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর করে পিকেটাররা। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের আর কোথাও দেখা যায়নি।
চাঁদপুর: সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত মিয়ার বাজার ও ঘোষের হাট এলাকায় কয়েকটি গাছ ফেলে এবং বাবুরহাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত বিএনপি ও জামায়াতের চারজনসহ ৫৯ জনকে আটক করার কথা জানিয়েছেন।
নীলফামারী: শনিবার রাতে ডিমলা উপজেলার ডালিয়ায় আওয়ামী লীগের কার্যালয় ও বেশ কিছু যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ জামায়াতের দুই কর্মীকে আটক করে। তাঁদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা করেছে পুলিশ।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে হরতাল ছিল নিরুত্তাপ। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি উপজেলায় হরতাল হয়নি।
নওগাঁ: শহরের বাটার মোড়ে একটি কাভার্ড ভ্যান, পানি উন্নয়ন বোর্ডের সামনে তিনটি সিএনজি এবং কালিতলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে পিকেটাররা। এ ছাড়া জেলার ১১ উপজেলার কোথাও সহিংসতা হয়নি।
সৈয়দপুর (নীলফামারী): পিকেটাররা সৈয়দপুরে একটি ট্রাক ভাঙচুরের পর চালক অলিয়ার রহমানকে (৩০) মারধর করেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে সৈয়দপুর জেলা যুবদলের সহপ্রচার সম্পাদক শাহাবুদ্দিনকে (৩২) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার পৌর শহরে একদল পিকেটার সিএনজিচালিত সাতটি অটোরিকশা ভাঙচুর করেছে। এ সময় তাদের লাঠির আঘাতে নারী ও শিশুসহ সাত-আটজন যাত্রী আহত হন বলে জানা গেছে।
আমতলী (বরগুনা): শনিবার রাতে একজনকে এবং হরতাল চলাকালে আমতলী শহর থেকে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।