দেশভাগ রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করেছে, সংস্কৃতিকে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুষ্টু রাজনীতির কারণে দেশ ভাগ হয়েছিল, কিন্তু আত্মার ভাগ হয়নি। দেশভাগ রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করেছে, কিন্তু সংস্কৃতিকে দ্বিখণ্ডিত করতে পারেনি। তাই এপার বাংলা-ওপার বাংলা দুই বাংলা নয়, এক বাংলা। আর এ উৎসবই তার জ্বলন্ত প্রমাণ।
গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বাংলার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘ফ্রেমে, প্রেমে দুই বাংলা’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস-পরীক্ষার জায়গা নয়। এখানে সবকিছু চর্চার জায়গা। আর এই চর্চা যদি সঠিকভাবে করা হয়, তবেই তা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ, ভারতের চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি রাজশাহী চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক আবদুল খালেক ও ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ, ফেডারেশন অব ফিল্ম²সোসাইটিজ অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল দেন স্বাগত বক্তব্য।
অনুষ্ঠানে চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে সপ্তাব্যাপী এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও নাসির উদ্দীন ইউসুফ। পরে বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়।
ঢাকার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারতীয় হাইকমিশন।