বেগম রোকেয়া, সুফিয়া কামালদের মতো বাংলাদেশে নারীশিক্ষার অগ্রদূতদের বেশির ভাগ এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে। আবার সাম্প্রদায়িকতার কারণে অনেক হিন্দু শিক্ষক এ দেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হন। সব মিলে দেশভাগের পর এ দেশে একটা জ্ঞানের শূন্যতা তৈরি হয়।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘গঠন ও পুনর্গঠন: ১৯ ও ২০ শতকে বাংলার নারী’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষণাকেন্দ্র সেমিনারটির আয়োজন করে।
সেমিনারের দুটি অধিবেশনে মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়। কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের সহযোগী অধ্যাপক অপরাজিতা সেনগুপ্ত ‘স্বভাব ও শৃঙ্খলা: হিন্দু জাতীয়তাবাদী চিন্তায় আদর্শ নারী ও পরিবার’, লরেটো কলেজের অধ্যাপক তপতী সেনগুপ্ত ‘সরলা দেবী চৌধুরাণী: আত্মকথায় স্মৃতিকথার পঞ্চাশ বছর’, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত ‘জাতীয়তাবাদের হাঁড়ির খবর: ঔপনিবেশিক আমলের রন্ধনবিদ্যা ও খাদ্যাভ্যাস’ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দা তানভীর নাসরীন ‘পশ্চিমবঙ্গের মুসলমান নারী: দেশভাগ ও পরবর্তী ইতিহাস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।