দেশলাই নিয়ে খেলা, পুড়ে মরল ছোট্ট ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের আগুনে পুড়ে মারা গেল দুই ভাইবোন। আগুনে তাদের বাড়িও পুড়ে ভস্ম হয়ে যায়। গতকাল শুক্রবার উপজেলার গোলা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। পুলিশ শিশু দুটির পোড়া মৃতদেহ উদ্ধার করেছে। 
পুড়ে মারা যাওয়া দুই শিশু হচ্ছে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের গোলা গ্রামের কৃষক খোকন শেখের ছেলে হাবিল শেখ (৭) ও মেয়ে চাঁদনী (৩ বছর ৬ মাস)।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে হাবিল ও চাঁদনী ঘরের ভেতর দেশলাই নিয়ে খেলছিল। একপর্যায়ে দেশলাই থেকে ঘরের কাঠের বেড়ায় আগুন লেগে যায়। পরে আগুন পুরো ঘরেই ছড়িয়ে পরে। প্রতিবেশী লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে এসে যতক্ষণে আগুন নেভান, ততক্ষণে পুরো ঘর পুড়ে দুই শিশুই মারা গেছে। পরে ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার সময় খোকন ও তাঁর স্ত্রী আফরোজা বেগম বাড়ির পাশে চিংড়ির ঘেরে কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘরের দরজা আটকানো ছিল কি না বা বাচ্চা দুটি কেন বের হতে পারল না, তা এখনো স্পষ্ট নয়।