দেশলাইয়ের বারুদের বিস্ফোরণে তিন শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় দেশলাইয়ের বারুদ নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো তারিফ (১২), কাউসার (১১) ও মুন্না (১০)। তারিফের হাত ও পা দগ্ধ হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারিফ কাতারপ্রবাসী গাইটাল এলাকার তাজুল ইসলামের ছেলে ও জেলা পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। কাউসার একই এলাকার আলাল মিয়ার ও মুন্না মৃত সুমন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাসার সামনে বসে দেশলাইয়ের কাঠি থেকে বারুদ খুলে অ্যালুমিনিয়ামের একটি ছোট পাইপের ভেতরে ভরছিল তারিফ। একটু দূরে দাঁড়িয়ে তা দেখছিল কাউসার ও মুন্না। একপর্যায়ে পাইপটিতে সে হাতুড়ি দিয়ে আঘাত করতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে তারিফ আহত হয়। এ সময় আরিফ ও মুন্নাও সামান্য আহত হয়। পরে এলাকাবাসী তারিফকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আরিফ ও মুন্নার স্বজনেরা বলেন, আরিফ ও মুন্নার আঘাত গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।