দেশসেরা দুপচাঁচিয়া মডেল প্রাইমারি স্কুল

বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৩ গ্রহণের জন্য ওই বিদ্যালয়কে নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার সকালে এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। তারা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বিদ্যালয়ে মাঠে আনন্দ-উল্লাস করতে থাকে। আগামী ৯ মার্চ সকালে ঢাকার ওসমানী সঞ্চৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদক বিতরণ করবেন।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহযোগিতা এবং শিক্ষকদের প্রচেষ্টায় এ ফল করা সম্ভব হয়েছে। আগামী দিনে এ সাফল্য ধরে রাখার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে এ বিদ্যালয় মডেল হিসেবে কাজ করবে।