দেশি ও বিদেশি ষড়যন্ত্র এখনো হচ্ছে

চট্টগ্রাম চেম্বারের ফেস্টিভ্যাল ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। দেশের মানুষ সচেতন থাকায় ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘চেম্বার ফেস্টিভ্যাল-২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে করা যায়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারি ও দেশপ্রেম নিয়ে কাজ করে যাচ্ছে। যেখানেই চ্যালেঞ্জ, সেখানেই আমি ছুটে গেছি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি। দেশে জ্বালাও-পোড়াও এবং জঙ্গিবাদ যথাযথভাবে দমন করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে না পারলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। প্রধানমন্ত্রীর ডাকে ব্যবসায়ী, সুশীল সমাজ ও দেশের সচেতন মানুষ এবং আলেম সমাজ জঙ্গিবাদ ও নাশকতাকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যেকোনো পরিস্থিতিতে দেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বাংলাদেশ আগে ঋণনির্ভর ও তলাবিহীন ঝুড়ি ছিল বলে অনেক প্রচারণা হয়েছে। আজকে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে দেশ। এতে ব্যবসায়ীদের ব্যাপক অবদান রয়েছে। ব্যবসায়ীরা কর্মসংস্থান সৃষ্টি করছেন বলে দেশ বহু দূর এগিয়ে গেছে। ২০০৮ সালে যেখানে মাথাপিছু আয় যেখানে ৫২৫ ডলার ছিল, তা এখন ১ হাজার ৬১০ ডলারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে তা পৌঁছে যাবে তিন হাজার ডলারে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্থানীয় সাংসদ এম এ লতিফ, সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে দেশের চেহারা পাল্টে যাচ্ছে।
সাংসদ এম এ লতিফ বলেন, পদ্মা সেতু ও কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের বিষয়টি স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ‘দেশের অবকাঠামোর বৈপ্লবিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনার হয়। সেমিনারে ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। রাতে পার্বত্য চট্টগ্রামের শিল্পীরা নাচ পরিবেশন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তা উপভোগ করেন।