দেশি গরুতেই কোরবানির চাহিদা পূরণ
সীমান্ত দিয়ে আগের তুলনায় ভারতীয় গরু কম এলেও এবারের কোরবানির পশুর হাটে তেমন কোনো সংকট হয়নি। দেশের কৃষকের ঘরে পালিত গরু দিয়েই এবারের কোরবানির পশুর চাহিদার বড় অংশ পূরণ হয়েছে। তবে গত বছরের তুলনায় হাটে জোগান কম থাকায় এবার গরুর দাম কিছুটা বেশি ছিল। তবে এই দাম গৃহস্থের ও খামারিদের পকেটে যাওয়ায় তা গ্রামীণ অর্থনীতির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও চামড়াশিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ঈদুল আজহার আগের তিন দিন রাজধানীর বিভিন্ন হাট ঘুরে বেশির ভাগ হাটে গরু ও ছাগলের বড় কোনো সংকট দেখা যায়নি। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে এবার ৪২ থেকে ৪৪ লাখ গরু কোরবানি হয়েছে; যার ৩০ লাখের জোগান এসেছে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কাছ থেকে। আর দাম ভালো পাওয়ার আশায় সাধারণ গৃহস্থের ঘরে পালিত ১২ লাখ গরু এবার কোরবানির পশুর হাটে উঠেছিল। দেশের বিভাগীয় শহরগুলোতে মোট ৬০টি হাট এবং জেলা-উপজেলা পর্যায়ে ৫৪০টি বড় হাটে দেশি গরুর এই বিপুল সরবরাহ এবার সংকট মোকাবিলায় সহায়তা করে বলে মনে করছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় প্রথম আলোকে বলেন, ভারতীয় গরু কম আসবে, এটা বুঝতে পেরে সাত মাস আগে তাঁরা প্রস্তুতি শুরু করেন। ইউনিয়ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাঁরা দেখতে পান, কোরবানির উপযোগী ৪০ লাখ হৃষ্টপুষ্ট গরু ও ৬৯ লাখ ছাগল ছিল। এগুলো হাটে তুলতে এই পশুর মালিকদের তাঁরা উৎসাহিত করেন।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যেই রাজধানী থেকে তিন লাখ চামড়া সংগ্রহ করেছি। গত বছরের সঙ্গে তুলনা করলে অন্তত রাজধানীতে গরু কোরবানি খুব একটা কমেনি। তবে সারা দেশের চিত্রটি এখনো আমাদের কাছে আসেনি।’ গরু কোরবানি গত বছরের তুলনায় কম হলে তা চামড়াশিল্পের ওপরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
এবার দেশের হাটগুলোতে ৪০ লাখ গরু ও ৬৯ লাখ ছাগল আসবে বলে হিসাব দিয়েছিল প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এ বছর পাঁচ লাখ গরু ও ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে কমপক্ষে ১০ লাখ গরুর ঘাটতি হবে আশঙ্কা করেছিলেন অনেকে। তবে রাজধানীর বাজারে গরুর ঘাটতি ছিল সামান্যই। রাজধানীর গাবতলী, কমলাপুর, রূপনগর, রামপুরাসহ বেশ কয়েকটি হাটে শেষ সময়ে ছোট ও মাঝারি গরুর গরুর সংকট দেখা দেয়।
দেশের আটটি সীমান্ত করিডর রয়েছে—এমন জেলার কাস্টমস কার্যালয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কোরবানির ঈদের আগের দুই মাসে ভারত থেকে দুই লাখ গরু এসেছে। যেসব সীমান্ত করিডর দিয়ে বেশি গরু আসে, সেখান দিয়ে বেশি গরু আসেনি; বরং সাধারণত যেসব করিডর দিয়ে গরু কম আসে যেমন—রাজশাহী, কুড়িগ্রাম ও টেকনাফ সীমান্ত করিডর দিয়েই বেশির ভাগ গরু এসেছে। মিয়ানমার সীমান্ত দিয়েও বেশ কিছু গরু এসেছে ঈদের আগে। তবে তা ৪২-৪৪ লাখ গরুর কাছে সামান্যই।