
দেশি গরুতেই জমে উঠেছে রাজশাহীর পশুর হাট। উঠছে অল্প কিছু ভারতীয় গরুও। তবে কোরবানির জন্য দেশি গরুরই চাহিদা বেশি। গতবারের চেয়ে দাম একটু বেড়েছে।
শহরের সিটি বাইপাস সড়কের পাশে অবস্থিত পশুর হাটই জেলার প্রধান হাট। এবার এই হাটের ইজারা হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকায়। সারা দেশের ব্যবসায়ীরা আসেন এই হাটে। সপ্তাহে রবি ও বুধবার এই হাট বসে।
গতকাল বুধবার এই হাটে গিয়ে দেখা যায়, হাটের বেশির ভাগ গরুই দেশি। ইজারাদার আতিকুর রহমান ওরফে কালুর হিসাবমতে, হাটের ৭০ শতাংশ গরুই দেশি। বাকি ৩০ শতাংশের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ।
জেলার গোদাগাড়ী উপজেলার ইসরাইল হোসেন ৪১ হাজার ৬০০ টাকা দিয়ে একটি দেশি গরু কিনেছেন। তাঁর আন্দাজ আড়াই মণ মাংস হবে। তিনি বলেন, এবার বাজার একটু চড়া। গত বছর এই আকারের গরু ৩৫ হাজার টাকার মধ্যে মিলেছে।
একই উপজেলার আরেকজন ক্রেতা একটি গরু কিনেছেন ৫৬ হাজার টাকায়। তাঁর অনুমান সাড়ে তিন মণ মাংস হবে। তিনি বলেন, এবার দাম একটু বেড়েছে। গতবার এই গরু ৫০ হাজার টাকায় পাওয়া যেত। মোহনপুর উপজেলার মনোয়ারুল ইসলামও একটি দেশি গরু কিনেছেন ৫৭ হাজার টাকায়। তিনিও সাড়ে তিন মণ মাংসের আন্দাজ করছেন।
এ প্রতিবেদকের সঙ্গে কথা বলা পাঁচজন ক্রেতার মধ্যে একমাত্র একজন ভারতীয় গরু কিনেছেন। তিনি গোদাগাড়ীর দোল্লবপুর গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন। ৮০ হাজার টাকায় কেনা গরুটির পৌনে পাঁচ মণ মাংস হবে বলে তাঁর ধারণা। তবে তিনি গরুটি কোরবানির জন্য কেনেননি। বাড়িতে পুষবেন।
ভারতীয় গরু কম আসার ব্যাপারে একজন ব্যবসায়ী বললেন, ভারতেই এক জোড়া বড় গরুর দাম পড়ে ৩৫ হাজার টাকা। বাংলাদেশে আনার পর সরকারি কাগজ করা থেকে শুরু করে পুলিশ, বিজিবি, ঘাঁটিয়াল ইত্যাদি মিলে গরু প্রতি আরও প্রায় তিন হাজার টাকা খরচ পড়ে। খরচ বেশি পড়ায় ভারতীয় গরুর আমদানির ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহ কম।
এবার গরুর দাম বাড়ার ব্যাপারে পবার বাগধানী এলাকার ব্যবসায়ী তৈয়ব আলী বলেন, একটা গরুর কী পরিমাণ মাংস হতে পারে, এই আন্দাজ করে তাঁরা গরু কেনাবেচা করে থাকেন। গত বছর তাঁরা ১৪ থেকে ১৫ হাজার টাকা মণ ধরে গরু কিনেছেন। এবার সেটা ১৭ থেকে ২০ হাজার টাকা উঠে গেছে। তা ছাড়া এবার হাটের খাজনাও বেড়ে গেছে। গত বছর হাটে বিক্রেতার কাছ থেকে খাজনা নেওয়া হতো ৮০ টাকা। এবার নেওয়া হচ্ছে ১২০ টাকা। যাঁরা কিনছেন, তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২৩০ টাকা। গতবার ছিল ২২০ টাকা।
রাজশাহী সিটি হাটের দুর্ভোগ: হাটটি বেশ বড় হলেও রাজশাহী সিটি হাটে গিয়ে মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। শহরের ভাগাড়ের বর্জ্য গলে হাটের মধ্যে ছড়িয়ে পড়েছে। পশু নিয়ে মানুষকে এর মধ্যে ছোটাছুটি করতে হচ্ছে। ইজারাদার আতিকুর রহমান বলেন, তাঁরা এত টাকা দিয়ে হাটটি ইজারা নিয়েছেন, কিন্তু সিটি করপোরেশন হাটের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁরা জানেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পরিচ্ছন্ন বিভাগকে বলা হয়েছে।