দেশি গাবে বেশি স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাব বাংলাদেশের প্রায় সব জেলাতেই কমবেশি পরিচিত। তবে সেটা বিলাতি গাব। দেশি গাবের সে রকম পরিচিতি নেই। কিন্তু এই গাবের স্বাদ, পুষ্টি ও ঔষধি গুণ অনেক বেশি। বাজারে বিকিকিনি নেই। গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে এই গাবের স্বাদ নেয়।বরিশাল নগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গ্রাম পাটকাঠি। এটি বারেকগঞ্জ উপজেলার পূর্ব প্রান্ত বরিশাল ও ভোলা জেলার সীমান্ত। এই গ্রামসহ আশপাশের সব ইউনিয়ন ও গ্রামে দেশি গাবের সমাহার চোখে পড়ে। প্রতিটি গাছে শোভা পাচ্ছে কাঁচা-পাকা ফল। ছেলেমেয়েরা গাছে চড়ে ফল পেড়ে খায় আপন মনে। এসব অঞ্চলে এটি ‘পেচি গাব’ হিসেবে পরিচিত।পরিচিতি: দেশি গাবগাছ ঝোপাকৃতির হয়ে থাকে। পাতা চ্যাপটা ও লম্বাটে। গাছের ছাল-বাকল কালো ও বাদামি। সাধারণত ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থানে বেশি জন্মে। দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গাবগাছ দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম: ডাইয়োসপাইরো মালাবারিকা। কাঁচা ফলটি সবুজ। তবে এর গায়ে বাদামি আবরণ থাকে। ফল পাকলে হলুদ রং ধারণ করে। পাকা ফল খুব সুস্বাদু। ১০০ গ্রাম পাকা গাবে ৬৯ দশমিক ৯ গ্রাম পানি, শূন্য দশমিক ৮ গ্রাম খনিজ, ১ দশমিক ৫ গ্রাম আঁশ, ১ দশমিক ৪ গ্রাম আমিষ, শূন্য দশমিক ১ গ্রাম চর্বি, ৫৮ মিলিগ্রাম ক্যালশিয়াম থাকে। গাছের পাতা ও বাকল কৃমিনাশক। পাকা ফল আমাশয় নিরাময়ে উপকারী। কাঁচা ফল পানিতে ভিজিয়ে এর রস দিয়ে মাছ ধরার জাল পাকা করার কাজে লাগানো যায়।