দেশি চিনি নিয়ে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় দেশি চিনি নিয়ে ডিলাররা (পরিবেশক) বিপাকে পড়েছেন। তাঁদের চিনি বিক্রি হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।আমদানি করা চিনির চেয়ে দেশি চিনির দাম বেশি হওয়ায় এ অবস্থা হয়েছে বলে ডিলাররা জানিয়েছেন।খুচরা চিনির ক্রেতা উপজেলার আমরুলবাড়ী তুফানুপাড়া গ্রামের চাকরিজীবী মমিনুল ইসলাম (৩৪) বলেন, ‘দেশি-বিদেশি বুঝি না। সব চিনিতেই মিষ্টি আছে। আমরা কম দামে পাই, তাই ভারতীয় চিনি কিনি। তবে দেশিয় চিনি বাজারে পাওয়া যায় না।’গত শনিবার বদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে কোথাও দেশি চিনি পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানান, দেশি চিনি প্রতি কেজির দাম ৬৪-৬৫ টাকা আর ভারতীয় চিনি ৫৪-৫৫ টাকা। যদি সমান দামে বিক্রি হয়, তার পরও সাধারণ মানুষ দেশি চিনি কিনবে না। কারণ এই চিনি অস্বচ্ছ এবং ক্রেতাসাধারণের দৃষ্টি কাড়ে না। এ কারণে ক্রমান্বয়ে বাজার ভারতীয় চিনির দখলে চলে যাচ্ছে।জানা গেছে, বদরগঞ্জে দেশীয় কয়েকটি চিনিকলের অনুমোদিত তিনজন ডিলার রয়েছেন। গত শনিবার দুপুরে দেশবন্ধু চিনিকলের অনুমোদিত ডিলার মেসার্স শান্তি ট্রেডার্সে গিয়ে জানা যায়, সেখানে ১৪ মেট্রিক টন চিনি সাত মাস ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এ সময় মেসার্স শান্তি ট্রেডার্সের স্বত্বাধিকারী সুবোধ কুমার কুণ্ডু বলেন, ‘দেশবন্ধু চিনিকল থেকে প্রতিটন ৬৪ হাজার টাকা দরে ১৪ টন চিনি সরবরাহ করা হয়েছে। অথচ এলসির মাধ্যমে আমদানি করা চিনির প্রতি টনের দাম ৫৪-৫৫ হাজার টাকা। তা ছাড়া দেশীয় চিনির চেয়ে এলসিতে আমদানি করা চিনি সাদা ও স্বচ্ছ হওয়ায় তুলনামূলকভাবে বাজারে এর চাহিদাও বেশি। এ কারণে দেশীয় চিনি বিক্রি হচ্ছে না। গুদামে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পড়েছি আর্থিক ক্ষতিতে। এ কারণে ভারতীয় চিনির দখলে যাচ্ছে চিনির বাজার।’ দেশি চিনির আরেক ডিলার জাহেদুল হক চৌধুরীর গুদামে দুই মাস ধরে পড়ে আছে ২৭ মেট্রিক টন চিনি। তিনি বলেন, ‘চিনি বিক্রির স্পষ্ট সরকারি নীতিমালা থাকা দরকার। দেশি চিনি অস্বচ্ছ আবার দাম আমদানি করা চিনির চেয়ে অনেক বেশি। তাহলে দেশি চিনি মানুষ কিনবে কেন? এতে আমরা (ডিলাররা) যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি চিনিকলগুলোও ক্ষতির মধ্যে পড়েছে।’আমদানি করা ভারতীয় চিনির ব্যবসায়ী খবির উদ্দিন বলেন, ‘ভারতীয় চিনির চেয়ে দেশি চিনির দাম অনেক বেশি। এ কারণে আমরা দেশি চিনি বিক্রি করি না। তা ছাড়া ভারতীয় চিনিতেও মিষ্টি আছে, দেশিতেও আছে; তাহলে মানুষ বেশি দাম দিয়ে দেশের চিনি কিনবে কেন?’