দেশি জাতের মাঝারি গরুর কদর বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার হাটগুলোয় কোরবানির পশু বেচাকেনা জমে উঠেছে। হাটে এবার মোটাতাজা ও ভারতীয় গরুর চেয়ে দেশি জাতের মাঝারি গরুর কদর বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

গত সোম ও গতকাল মঙ্গলবার মতলব উত্তরের সুজাতপুর ও ছেংগারচর এবং মতলব দক্ষিণের নবকলস, কালিকাপুর, নারায়ণপুর, মুনসিরহাট, ভাঙারপাড়সহ কয়েকটি হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের নজর বেশি দেশি জাতের মাঝারি আকৃতির গরুর দিকে।

কয়েকজন ক্রেতা বলেন, দুই-তিন দিন পর গরু-ছাগলের দাম বাড়তে পারে—এ শঙ্কায় আগেভাগেই তাঁরা পশু কিনছেন। মোটা ও ভারতীয় গরুর চেয়ে তাঁদের বেশি পছন্দ দেশি মাঝারি গরু। আজকাল কৃত্রিমভাবে গরু মোটাতাজা করা হয়। এসব গরুর মাংস স্বাস্থ্যগত দিক থেকে তাঁরা নিরাপদ মনে করেন না। ভারত থেকে আনা গরুর ব্যাপারেও তাঁদের ধারণা স্পষ্ট নয়। এর চেয়ে দেশীয় খামার ও গৃহস্থের ঘরে পালিত মাঝারি গরুর মাংস তাঁদের নিরাপদ মনে হয়।

মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকার মো. জাহাঙ্গীর আলম বলেন, মোটাতাজা গরু বা ভারতীয় গরুর চেয়ে মাঝারি দেশি গরুর দামও কম। এগুলোর মাংস খেতেও সুস্বাদু। তাঁরা সাতজন মিলে মতলব উত্তরের সুজাতপুর হাট থেকে সোমবার ৫০ হাজার টাকায় একটি দেশি গরু কিনেছেন।

মতলব উত্তরের ছেংগারচর এলাকার গরু ব্যবসায়ী মানিক ঢালী বলেন, সব মোটাতাজা গরু খারাপ—ক্রেতাদের এমন ধারণা ঠিক নয়। তবু ক্রেতাদের কাছে এবার মোটাতাজা গরুর চেয়ে মাঝারি দেশি গরুর চাহিদা বেশি। এসব গরুর বেচা-বিক্রি ও মুনাফা ভালো।