কোরবানির ঈদের আগে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে প্রতিবছর প্রচুর ভারতীয় গরু ওঠে। কিন্তু এবার চিত্র উল্টো। এসব বাজারে প্রায় সব গরুই দেশি। তবে এর বেশির ভাগই মোটাতাজা। এসব গরুর মাংস নিরাপদ কি না, তা নিয়ে শঙ্কায় ক্রেতারা।
গত শুক্র থেকে গতকাল রোববার পর্যন্ত বরিশালের বিভিন্ন জেলার অন্তত ১০টি গরুর বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় ৩৫ হাজার ২৫০টি গরুর খামারে কোরবানিযোগ্য ১ লাখ ৯৬ হাজার বলদ ও ষাঁড় রয়েছে। এ ছাড়া আছে ৮৭ হাজার ১৫২ মহিষ। ফলে স্থানীয়ভাবেই এ বিভাগের চাহিদা মেটানো সম্ভব হবে।
দক্ষিণাঞ্চলের বড় গরুর বাজার বসে বরগুনার আমতলী উপজেলার গাজীপুরে। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, অন্তত পাঁচ হাজার গরু উঠেছে। উত্তরাঞ্চলের বিভিন্ন খামার ও স্থানীয় খামার থেকে এসেছে এসব গরু।বেশির ভাগই মোটাতাজা। মিরাজ হোসেন নামের এক ক্রেতা বললেন, ‘বাজারে সবই দেশি গরু। কিন্তু মোটাতাজা হওয়ায় কিনতে ভয় পাচ্ছি।’
বাজারের ইজারাদার আবুল কালাম বলেন, বাজারে কোনো ভারতীয় গরু নেই। তবে মোটাতাজা গরুর সংখ্যা বেশি। ক্রেতারা এসব গরু এড়িয়ে গৃহস্থি গরুর দিকে ঝুঁকছেন। তবে এমন গরুর সংখ্যা কম; দামও অনেক বেশি।
বরিশাল নগরের চৌমাথা এলাকার বাসিন্দা ও খাদ্য বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘দুদিন বাজারে গিয়েও ফিরে এসেছি। মনস্থির করেছি, বাজার ঘুরে গৃহস্থি গরু কিনব। কিন্তু দাম অস্বাভাবিক। তারপরও মোটাতাজা গরু কিনব না। এসব গরুর মাংস নাকি ক্ষতিকর।’
গরু ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, একধরনের ইনজেকশন প্রয়োগ করলে গরুর শরীরে পানি জমে যায়। এতে অস্বাভাবিক মোটা দেখা যায়। তবে এসব গরু কিডনি নষ্ট হয়ে দ্রুতই মারা যায়। তাই অসাধু খামারিরা ঈদের কয়েক দিন আগে ইনজেকশন প্রয়োগ করেন।
বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ক্ষতিকর ওষুধ প্রয়োগ করে মোটাতাজা করা গরুর মাংস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তবেসব মোটা গরুর মাংস ক্ষতিকর নয়। প্রাকৃতিক প্রক্রিয়ায় এবং পুষ্টিকর খাবার দিয়ে হৃষ্টপুষ্ট করা হলে তা নিরাপদ।
শুক্রবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় কথা হয় গরু ব্যবসায়ী ইয়াকুব আলী মৃধার সঙ্গে। তিনি গ্রামগঞ্জের ছোট খামারিদের কাছ থেকে এরই মধ্যে ৪৫টি গরুকিনেছেন। গরুগুলোর বেশির ভাগই মোটাতাজা। ইয়াকুব আলী বললেন, ‘ভালো খাওন দিছি বলে গরুর শরীর-স্বাস্থ্য ভালো। ওষুধ দিয়া মোটাতাজা করি নাই।’
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগিড়ি বাজারে গিয়ে দেখা যায়, বেশির ভাগ গরুই মোটাতাজা। ব্যবসায়ীরা বলেন, বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকার পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরথেকে এসব গরু এসেছে।
শনিবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া গরুর বাজারে গিয়েমোটাতাজা গরু বেশি দেখা যায়। সামান্য কিছু গৃহস্থি গরু থাকলেও দাম অনেক বেশি। ক্রেতা রাকিব হোসেন বলেন, ‘মোটাতাজা গরু কিনব না বলে গৃহস্থি গরু খুঁজছিলাম। কিন্তু দাম শুনে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ৫০ হাজার টাকার নিচে কোনো গরু নেই।’
প্রাণিসম্পদ বিভাগের বরিশাল বিভাগীয় উপপরিচালক মানবেন্দ্র লাল সাহা গতকাল প্রথম আলোকে বলেন, কোরবানির গরু কেনার ক্ষেত্রে মানুষ এখন খুবই সচেতন। প্রাণিসম্পদ বিভাগ গত কয়েক বছর ধরে প্রচারণা চালাচ্ছে। ক্ষতিকর ওষুধ প্রয়োগে মোটাতাজা করা গরু চিহ্নিত করতে ব্যবস্থা নিতে এবারও বাজারগুলোতে প্রশাসন, পুলিশ ও মেডিকেল টিম যৌথভাবে কাজ করছে।
চেনার উপায়: মানবেন্দ্র লাল সাহা বলেন, অস্বাভাবিকভাবে মোটাতাজা করা গরু দেখতে অনেকটা তেলতেলে। গরুর পেটের নিচের অংশে পানি জমে ঝুলে যায়। ঊরুতে টিপ দিলে বেশি দেবে যাবে এবং আবার ঠিক হতে সময় নেবে। এ ছাড়া এসব গরু চুপচাপ থাকে। এমনকি খোঁচা দিলেও প্রতিক্রিয়া দেখায় না।