দেশি পাটবীজ কৃষকের কাজে আসছে না
দেশি পাটবীজ কৃষকের কাজে আসছে না। পাট বোনার ভরা মৌসুমে তাঁরা ভারতীয় বীজের প্রতি ঝুঁকেছেন। এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যশোর কার্যালয়ে পড়ে আছে ৮০ মেট্রিক টন তোষা জাতের দেশি পাটবীজ।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশি পাটবীজ বৈশাখ মাসে বুনতে হয়। কিন্তু কৃষকেরা আমন আবাদের সুযোগ নেওয়ার জন্য ফাল্গুন-চৈত্র মাসের মধ্যে বোনা শেষ করেন। সেখানে দেশি বীজ বৈশাখ মাসের আগে ব্যবহার করলে নির্দিষ্ট সময়ের আগে গাছে ফুল চলে আসে। এতে ফলন ব্যাহত হয়। এ জন্য কৃষকেরা দেশি বীজ ব্যবহারে উৎসাহী হন না। এ ব্যাপারে বিএডিসির (বীজ) যশোরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা প্রথম আলোকে বলেন, অন্তত ৮০ মেট্রিক টন তোষা জাতের দেশি পাটবীজের মজুদ রয়েছে। যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার চাহিদা মেটানোর জন্য ১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাত্র ২০ মেট্রিক টনের মতো বিক্রি হয়েছে।উপপরিচালক জানান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে প্রযুক্তিগত সংকট রয়েছে। ভারতের তুলনায় এখানে গবেষকও অনেক কম, যে কারণে এ দেশের আবহাওয়া উপযোগী নতুন জাতের বীজের উদ্ভাবনের কাজ সেভাবে অগ্রসর হচ্ছে না।বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর যশোর জেলায় ৩৫ হাজার ২০৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়, যা ছিল লক্ষ্যমাত্রার দ্বিগুণ। পাটের দাম ভালো থাকার কারণে এবারও কৃষকেরা পাটের আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। তবে বীজ ব্যবহারের ক্ষেত্রে তাঁরা ভারতীয় বীজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।যশোরের শার্শা উপজেলার খলিশাখালী গ্রামের জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, তিনি চৈত্র মাসের প্রথম সপ্তাহেই বিঘা দেড়েক জমিতে ভারতীয় কৃষি সেবায়ন জাতের বীজ বপন করেছেন। স্থানীয় সাড়াতলা বাজার থেকে তিনি এ বীজ সংগ্রহ করেন। আষাঢ়-শ্রাবণ মাসে পাট কেটে আমন আবাদ করার জন্য তিনি এ বীজ ব্যবহার করেছেন।বেনাপোল সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় পাটবীজ ঢুকে পড়েছে। সীমান্তবর্তী বিভিন্ন হাটবাজারে এ বীজ ফেরি করে বিক্রি করা হচ্ছে। এ জন্য কৃষকেরা বিএডিসির ডিলার বা বিক্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন মনে করছেন না।শার্শার পাকশিয়া গ্রামের কৃষক ময়না মিয়া জানান, স্থানীয় সারের দোকানে ভারতের বিভিন্ন জাতের বীজ পাওয়া যাচ্ছে। এ জন্য তিনি অন্য কোনো বীজ খুঁজতে যাননি।