দেশি পাটের জন্মরহস্য আবিষ্কার হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি পাটের জন্মরহস্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর ফলে দেশি পাট আরও উন্নত করা যাবে।

আজ রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সুখবর জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞানী মাকসুদুল আলম এটি আবিষ্কার করেন। তিনি দাবি করেন, পাটের পুরোপুরি জন্মরহস্য উন্মোচিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, এর আগে বিজ্ঞানীরা তোষা পাটের জন্মরহস্য উন্মোচন করেন। এবার দেশি পাটেরও জন্মরহস্য আবিষ্কার করলেন তাঁরা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘সোনালি আঁশ দেশের মানুষের জীবনে সোনালি হাসি ফিরিয়ে আনবে।’ তিনি এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান। তিনি বলেন, সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ ও ২০০৮ সালে আমরা সরকার গঠন করি। তখন থেকেই জনগণ বুঝতে পারে যে সরকার হলো সেবক।’ তিনি বলেন, ‘চার বছর আট মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছি। দেশ কীভাবে এগিয়ে যাবে, সেজন্য ২০২১-রূপকল্প তৈরি করা হয়। কারণ, সে বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হবে। সে সময় বাংলাদেশ অন্তত মধ্যম আয়ের একটি দেশ হবে, এই ছিল লক্ষ্য। অনেক ক্ষেত্রেই সে লক্ষ্যের দিকে সফল হয়েছে সরকার।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারের সময়ে বিদ্যুত্, খাদ্য, দ্রব্যমূল্য, শিক্ষা, আইনশৃঙ্খলা খাতে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য বাড়েনি। বরং অনেক ক্ষেত্রে কমেছে। দেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ।’ তিনি বলেন, ‘লোডশেডিং কমে গেছে। এখন কেবলমাত্র লোডশেডিং করা হয় যাতে মানুষ এ সমস্যার কথা ভুলে না যায় সেজন্য। বিদ্যুতের ঘাটতি না থাকলেও সামনে এ কারণে লোডশেডিং কিছুটা বাড়ানো হবে। গ্রামেগঞ্জে যে উন্নয়ন হয়েছে, তার প্রমাণ হলো যে এখন ঘরে ঘরে গৃহকর্মী পাওয়া যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীসহ সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা জনগণ নিজেরাই দেখতে পাচ্ছে।’ তবে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘অবশ্য অনেকে আবার সব দেখেও দেখতে চান না। কারণ এসব উন্নয়ন আওয়ামী লীগ করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজ্ঞানী মাকসুদুল আলম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।