দেশি পোশাকের চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি দোকানে মেয়েদের কামিজ দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের একটি দোকানে মেয়েদের কামিজ দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বছর দেশের তৈরি পোশাকের চাহিদা বেশি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রমজানের শুরু থেকেই উপজেলা শহরের বিপণিবিতানগুলোতে ক্রেতারা ভিড় করছে। কিশোরী ও তরুণীদের পছন্দ চুমকির কাজ করা থ্রি-পিস আর কিশোর ও তরুণদের পাঞ্জাবি ও ফতুয়া।
উপজেলা সদরের কয়েকজন ব্যবসায়ী বলেন, এ বছর উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের বিপণিবিতানের ব্যবসায়ীরা অন্য যেকোনো বছরের তুলনায় কয়েক গুণ বেশি দেশি পোশাক বিক্রি করছেন। এ বছর তাঁরা শিশুদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামা; ছেলেদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, নানা নকশার টি-শার্ট এবং মেয়েদের জন্য ফ্রগ, স্কার্ট, লেহেঙ্গা, থ্রি-পিসসহ নানা নজরকাড়া পোশাক এনেছেন।
পোশাকের দামের বিষয়ে ব্যবসায়ীরা বলেন, শিশুদের সুতি কাপড়ের দাম ২০০ থেকে ১ হাজার ২০০ টাকা, জর্জেট কাপড়ের শার্টের দাম ৩৫০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। দেশি সুতি কাপড়ের শার্ট পাঞ্জাবি ও ফতুয়ার চাহিদা কিশোর ও তরুণদের কাছে বেশি। এসব পোশাকের দাম সব শ্রেণি-পেশার মানুষের সাধ্যের মধ্যেই আছে। পাঞ্জাবি ও ফতুয়ার দাম ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তরুণীদের পছন্দ সুতি ও জর্জেট কাপড়ের থ্রি-পিস ও লেহেঙ্গা। এসব পোশাকের দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত। আগের তুলনায় শাড়ির চাহিদা কিছুটা কমে গেছে। তবে টাঙ্গাইলের শাড়ির কদর আছে। শার্ট আর পাঞ্জাবির সঙ্গে লুঙ্গির চাহিদাও অনেক। লুঙ্গি ৩০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের এস আর শপিং মল, রেজিয়া সুলতানা শপিং কমপ্লেক্স, আমেনা প্লাজা, চান মিয়া সুপার মার্কেট, হৃদয় মার্কেটে ঘুরে দেখা গেছে, কাপড় ও জুতার দোকানে শত শত ক্রেতার ভিড়। এর মধ্যে নারী ক্রেতাই বেশি। বিপণিবিতানগুলোয় বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রাম ছাড়াও পাশের নবীনগর, কুমিল্লার হোমনা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের ক্রেতারাও কেনাকাটা করছেন। বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারা খুব খুশি।
ঈদের কেনাকাটা করতে আসা সানজিদা আক্তার নামের এক গৃহবধূ বলেন, তুলনামূলকভাবে দেশি পোশাকের দাম কম এবং চাহিদামতো নতুন নতুন ডিজাইনের দেশি পোশাকও পাওয়া যাচ্ছে। সে জন্য দেশি পোশাকর চাহিদা অনেক কম।
ব্যবসায়ী আবুল কাসেম বলেন, রোজার শুরু থেকেই ক্রেতারা দলে দলে বিপণিবিতানগুলোয় আসছে। প্রতিদিন বিক্রি বাড়ছে। নকশায় নতুনত্ব থাকায় এবার ক্রেতাদের কাছে দেশি পোশাকের কদর বেশি।