দেশি প্রজাতির ধানের দিকে ঝুঁকছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় এবার দেশি প্রজাতির আউশ ধানের চাষ বেড়েছে। কৃষকেরা হাইব্রিড ও নেরিকার চেয়ে দেশি প্রজাতির ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন বেশি।
অভয়নগর উপজেলার সড়াডাঙা গ্রামের কৃষক তপন সরকার বলেন, ‘হাইব্রিড ধানে মার খাওয়ার আশঙ্কা থাকে। দেশি ধানে তা থাকে না। এ জন্য এবার আমি পুরো জমিতে নাতল (রাতুল) ধানের চাষ করিছি। ধানও পাইছি ভালো।’ তিনি জানান, গত আউশ মৌসুমে তিন বিঘা জমিতে হাইব্রিড ধান চাষ করেছিলেন। এবার তিনি সম্পূর্ণ জমিতে আবাদ করেছেন দেশি প্রজাতির ধান। তার মতো উপজেলার অনেক কৃষক আউশ মৌসুমে হাইব্রিড ধানের চাষ কমিয়ে দিয়েছেন। উগান্ডা থেকে আনা সুপার রাইস নেরিকা চাষেও কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস বলেন, ‘হাইব্রিড ধান অনেক সময় আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই হয় না। এ জন্য নানা রোগব্যাধি ও পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা থাকে। খরচও বেশি পড়ে। দেশি প্রজাতির ধান আমাদের আবহাওয়ায় মানানসই। খরচ কম, ফলনও ভালো।’
কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার আউশ ধান চাষ হয়েছে ৪ হাজার ২৩০ হেক্টর জমিতে। এর মধ্যে উচ্চফলনশীল জাতের (উফসী) তিন হাজার ৩১০ হেক্টর, স্থানীয় জাতের ৫৫০ হেক্টর, হাইব্রিড জাতের ধান ৩৬০ হেক্টর এবং নেরিকা ১০ হেক্টর। গত বছর আউশ ধানের চাষ হয়েছিল তিন হাজার ৮৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উচ্চফলনশীল জাতের (উফসী) দুই হাজার ৫১৫ হেক্টর, স্থানীয় জাতের ৭৪৫ হেক্টর, হাইব্রিড জাতের ধান ৫৫০ হেক্টর এবং নেরিকা ৪০ হেক্টর।
সূত্র জানায়, আউশ ধান চাষ উৎসাহিত করতে ‘আউশ প্রণোদনা’ কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৩৫০ জন কৃষককে বিনা মূল্যে পাঁচ কেজি করে বীজ, খেত পরিচর্যার জন্য ব্যাংক হিসাবের মাধ্যমে ৩০০ টাকা এবং ৪০ কেজি করে সার দেওয়া হয়েছে। এ ছাড়া ১০০ জন কৃষককে নেরিকা জাতের ১০ কেজি করে বীজ এবং সেচ ও আগাছা দমনের জন্য ৬০০ টাকা ও ৪০ কেজি করে সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশি প্রজাতির ধানের ভাত বেশ সুস্বাদু। খরচ এবং ঝুঁকিও কম। হাইব্রিডে ঝুঁকি বেশি থাকে। তার পরও খাদ্য ঘাটতি মেটাতে হাইব্রিড ধানের চাষ দরকার। আউশে কৃষক বরাবরই হাইব্রিড চাষ কমিয়ে দেশি ধানের চাষ বেশি করেন।’